নিউজপোল ব্যুরো: প্রায় দুই দশকের দীর্ঘ অপেক্ষার পর আবার কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন বিতর্কিত লেখিকা ও সাহিত্যিক তসলিমা নাসরিন। এই খবর প্রকাশ্যে আসতেই সাহিত্য মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই সফরকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন। আবার অনেকের কৌতূহল, এত বছর পর কলকাতায় এসে কী বার্তা দেবেন তিনি।
আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তসলিমা নাসরিনের। ‘সেকুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের আশা, এই অনুষ্ঠানে বহু সাহিত্যপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।
কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তসলিমা। লাল পাড় সাদা শাড়ি ও চোখে সানগ্লাস পরে তাঁকে দেখা যায়। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ এই একটি পোস্টই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ সেই পোস্টে শুভেচ্ছা জানান। অনেকেই লিখেছেন, তাঁকে আবার কলকাতায় দেখতে পেরে তাঁরা আনন্দিত। তসলিমা নাসরিনের কলকাতার সঙ্গে সম্পর্ক অনেক দিনের। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালি পাঠকদের সঙ্গে তাঁর একটি আলাদা যোগ রয়েছে। তাই দীর্ঘদিন পর তাঁর এই সফরকে ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ বেড়েছে। শহরের সাংস্কৃতিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
কিছুদিন আগেই তাঁকে কলকাতায় ফেরানোর বিষয়টি জাতীয় স্তরেও আলোচনায় এসেছিল। বিষয়টি নিয়ে সংসদে প্রশ্নও উঠেছিল। পরে কেন্দ্রের তরফে জানানো হয়, তাঁর কলকাতায় আসার ক্ষেত্রে কোনও বাধা নেই। এরপর থেকেই তাঁর কলকাতা সফরের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
