তিলোত্তমায় ভ্যাপসা গরমের দাপট, রাজ্যের ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: রবিবার শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হলেও কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতার আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হচ্ছে। একই সময়ে শহরে মোট ০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই কারণে ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। কোচবিহার ও কালিম্পংয়ের কিছু এলাকায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা মাঠে না দাঁড়ানো, প্রয়োজনে ছাতা বা রেইনকোট ব্যবহার করা এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে তবেই যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী একদিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলতে পারে বলেই ইঙ্গিত মিলেছে।