নিউজ পোল ব্যুরো: এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই ভবানীপুরে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সোমবার স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ভবানীপুরে একজন ভোটার থাকলেও সেখান থেকেই তিনি জিতবেন। একই সঙ্গে ইঙ্গিত দেন, আগামী বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকেই লড়াই করবেন তিনি। এসআইআর-এর চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, আগে ৪৪ হাজার নাম বাদ দেওয়া হয়েছিল, এবার ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’-র অজুহাতে আরও ১৪ হাজার নাম কাটা হয়েছে, পাশাপাশি প্রায় ২ হাজার ভোটারের নাম পুরোপুরি ডিলিট করা হয়েছে। তাঁর ঘোষণা, “ভবানীপুরে এক ভোটে হলেও আমি জিতব।”
ভবানীপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ, কেন্দ্রটি আকারে ছোট হলেও সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকায় কাটছাঁট করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, ভোটের আগেই ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। মমতার ভাষায়, এটি প্রতিহিংসামূলক এবং গণতন্ত্রবিরোধী আচরণ।
এই মন্তব্যগুলি তিনি করেন সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখান থেকেই রাজ্যবাসীকে হোলির শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সব বর্ণ, ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসব পালন করুন, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক পরিবেশনা তাঁর ভালো লেগেছে বলেও জানান তিনি।
এদিন আরও একাধিক ধর্মীয় ও পরিকাঠামোগত প্রকল্পের কথা উল্লেখ করে মমতা বলেন, রাজ্যে সব সম্প্রদায়ের জন্য উন্নয়নের চেষ্টা চলছে। পাশাপাশি এসআইআর প্রসঙ্গে আরও কড়া ভাষায় তিনি অভিযোগ করেন, প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। বৈধ নথি থাকা সত্ত্বেও নাম কাটছে, নতুন বিয়ে হওয়া দম্পতিদের নাম বাদ পড়ছে এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)অভিযোগ, কেন্দ্র এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি বলেন, এই লড়াই ভোটাধিকার রক্ষার লড়াই, আর তার জবাব দিতে বাংলার মানুষ প্রস্তুত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
