Nirmal Ghosh:মণীশ শুক্লা হত্যা মামলায় নির্মল ঘোষের বিরুদ্ধে ফের এফআইআর!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:নির্মল ঘোষের (Nirmal Ghosh) গ্রেফতারির পর ফের প্রকাশ্যে এল বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডের পুরনো অধ্যায়। দীর্ঘ প্রায় ছয় বছর পর এই হত্যামামলায় নতুন করে অভিযোগ দায়ের করলেন নিহত বিজেপি নেতা তথা টিটাগড়ের প্রাক্তন কাউন্সিলর মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। রবিবার টিটাগড় থানায় নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মণীশ হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:Mithun Chakraborty:‘আমি সতিমন্ত্রী! প্রতিমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই’, আয়ুষ্মান ভারত মঞ্চে রসিক মিঠুন!

২০২০ সালের ৪ অক্টোবর ব্যারাকপুরের চিড়িয়া মোড় সংলগ্ন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে খুন হন মণীশ শুক্লা। ঘটনাটি ঘিরে তৎকালীন সময়েই তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। হত্যাকাণ্ডের তদন্তভার পরবর্তীতে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে যায়। তদন্তের প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগত শত্রুতার তত্ত্ব সামনে এলেও পরবর্তী সময়ে ঘটনাটির নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনাও উঠে আসে।

মামলার তদন্তে মহম্মদ খুররম খান ও গুলাব শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ছিল, খুররমের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরেই মণীশকে খুন হতে হয়। কিন্তু তদন্ত যত এগোয়, ততই হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক যোগসূত্রের সম্ভাবনা নিয়ে প্রশ্ন জোরালো হতে থাকে। ব্যক্তিগত শত্রুতাকে সামনে রেখে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা হয়েছিল কি না, সেই প্রশ্নও উঠে আসে তদন্তের পরবর্তী পর্যায়ে।

মণীশ শুক্লা হত্যার অব্যবহিত পরেই তৎকালীন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং প্রকাশ্যেই তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে এই হত্যাকাণ্ডের ‘মূল চক্রী’ বলে অভিযোগ করেছিলেন। যদিও সেই অভিযোগের সত্যতা নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত ছিল এবং মামলার তদন্ত নিজস্ব গতিতেই এগিয়েছে।

এদিকে সম্প্রতি পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh) গ্রেফতার হওয়ার পর মণীশ শুক্লা হত্যা মামলা ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি জল্পনা শুরু হয়েছে। নিহত নেতার পরিবারের দাবি, এর আগেও নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও সেই সময় তাঁকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এবার তাঁর গ্রেফতারির পর ফের নতুন করে অভিযোগ দায়ের করে তদন্তের পরিধি বাড়ানোর দাবি জানালেন চন্দ্রমণি শুক্লা।

প্রায় ছয় বছর পর মণীশ শুক্লা হত্যাকাণ্ডে নতুন করে এফআইআর দায়ের হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুরনো মামলার তদন্তে এবার কি নতুন কোনও দিক উন্মোচিত হবে? চন্দ্রমণি শুক্লার অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে এবং নির্মল ঘোষকে ঘিরে ওঠা অভিযোগের সূত্র ধরে তদন্ত কোন পথে এগোয়, আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে নিহত বিজেপি নেতার পরিবারের।