ক্যাম্পাসে ঢুকে ৪ নম্বর গেটে আগুন, বামেদের পোস্টার পোড়াল উগ্র ABVP! ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিংকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা বুধবার রাত গড়াতেই সংঘর্ষের অভিযোগে পৌঁছয়। একদিকে ABVP-র দাবি, তাদের অন্তত চার ছাত্র আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিখিল দাসের উপরও হামলা হয়েছে। অন্যদিকে SFI-সহ বাম ছাত্র সংগঠনগুলির পাল্টা অভিযোগ, ABVP সমর্থকরা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর, ইটপাটকেল ছোড়া এবং পোস্টার-পতাকায় আগুন ধরানোর চেষ্টা করেছেন। দুই পক্ষের এই পরস্পরবিরোধী অভিযোগে রাতভর উত্তপ্ত থাকে যাদবপুর।

ঘটনার সূত্রপাত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির জেনারেল বডি মিটিং ডাকা নিয়ে। ABVP প্রশ্ন তোলে, নির্বাচিত ছাত্র সংসদ না থাকলে এই সভা ডাকার অধিকার কার? এই ইস্যুতে প্রতিবাদ জানাতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয় বলে তাদের দাবি। সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বাড়তে থাকে।

রাত পৌনে ১২টা নাগাদ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, ABVP সমর্থকরা চার নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালায়। গেটে আগুন জ্বালানো, ইটপাটকেল ছোড়া এবং বিভিন্ন ছাত্র সংগঠনের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। অরবিন্দ ভবনের সামনে থাকা SFI-র পোস্টারে আগুন ধরানোর অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

অন্যদিকে ABVP-র অভিযোগ একেবারেই আলাদা। তাদের দাবি, জিবি মিটিং নিয়ে প্রশ্ন তুলতেই বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা তাদের সদস্যদের ঘিরে আক্রমণ করেন। কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করে সংগঠনটি। ঘটনাস্থলে পরে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন স্থানীয় বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তিনি বাম ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে ক্যাম্পাসের পরিবেশ অশান্ত করার অভিযোগ তোলেন। অন্যদিকে SFI-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেন, ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকজন ছাত্র নিজেদের সভা করছিলেন এবং সেখানে ABVP সমর্থকরা ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করে। তাঁর বক্তব্য, ঘটনাটি নিয়ে SFI-র বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সঠিক নয়।

এখন সংঘর্ষের রেশ গড়িয়েছে বৃহস্পতিবারেও। ABVP আজ গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। অন্যদিকে সকাল ১১টায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে জমায়েতের প্রস্তুতি নিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি। ফলে ফের দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে উত্তেজনার আশঙ্কা।