নন্দীগ্রাম-রেজিনগরে ভোটের দিন ঘোষণা, নজর বাংলার রাজনীতিতে

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: পুজোর আগেই ফের ভোটের আবহ বাংলায়। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর। সোমবার দিল্লির নির্বাচন সদন থেকে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর মাদুরানটাকম ও ধারাপুরম এবং পুদুচেরির থাট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্রেও একই দিনে ভোট হবে। পাশাপাশি অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও ৬ অক্টোবর ভোটগ্রহণের কথা ঘোষণা করা হয়েছে।

আরও দেখুন :-গঙ্গার ভাঙনে নদীগর্ভে ১৫০ বছরের প্রাচীন শিব মন্দির

বাংলার দুই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নন্দীগ্রাম বরাবরই রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে সেখানে উপনির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগরেও উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভোটের দিন ঘোষণার পর এবার প্রার্থী বাছাই থেকে প্রচার—সব ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়বে। পুজোর আগে এই জোড়া উপনির্বাচন বাংলার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।