নিউজপোল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাবরা থানার ব্যারাকে এক পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত আধিকারিকের নাম বিশ্বনাথ সেন (৫৭)। তিনি বারাসত জেলা পুলিশের অধীনে হাবরা থানায় সাব-ইন্সপেক্টর (SI) পদে কর্মরত ছিলেন। সোমবার তাঁর বারাসত আদালতে যাওয়ার কথা ছিল।
থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ডিউটি শেষ করে ব্যারাকে নিজের ঘরে ফিরে যান বিশ্বনাথ। সোমবার সকালে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। সহকর্মীরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। এরপর সন্দেহ হওয়ায় তাঁরা ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোনও প্রতিক্রিয়া না মেলায় শেষ পর্যন্ত দরজা খুলে ভিতরে প্রবেশ করেন তাঁরা।
আরও দেখুন:-বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি তৈরির ঘোষণা মিঠুনের, ৬০ ফুটবলারকে নিয়ে শুরু হবে প্রশিক্ষণ
সেখানেই বিশ্বনাথকে অচেতন অবস্থায় দেখতে পান সহকর্মীরা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তাঁর মৃত্যু হয়েছে।
কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কর্মক্ষেত্রে কোনও সমস্যা বা অন্য কোনও বিষয় এর পিছনে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বনাথের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। দেহ ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
