যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা! এবার কোথায় পথে নামবে বিরোধীরা?

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:দিল্লির রাজনীতিতে প্রতিবাদের অন্যতম পরিচিত মঞ্চ যন্তর মন্তর। বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের বিক্ষোভে বারবার উত্তপ্ত হয়েছে এই এলাকা। এবার সেই যন্তর মন্তরকেই বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিল দিল্লি পুলিশ। নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

দিল্লি পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকায় যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবর্তে প্রতিবাদ কর্মসূচির জন্য তিনটি বিকল্প জায়গা নির্দিষ্ট করা হয়েছে। সেগুলি হল রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি গ্রাউন্ড। এই জায়গাগুলিতে বিক্ষোভের নিয়মকানুন জানিয়ে পরে পৃথক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে চিহ্নিত করে নির্দেশিকা জারি হয়েছিল। এবার সেই নিয়মেই পরিবর্তন আনা হল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নয়া দিল্লি এলাকায় প্রতিবাদ কর্মসূচির সুযোগ সীমিত হতে পারে।

সম্প্রতি জ্ঞানেশ কুমার ইস্যুতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছিল বিরোধী শিবির। এই পরিস্থিতিতে ইন্ডিয়া (INDIA) ব্লকের নেতা-নেত্রীরা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। তার আগেই পুলিশের এই নির্দেশিকা সামনে এসেছে।

এদিকে, ককরোচ জনতা পার্টি (CJP) নির্দেশিকার বিরোধিতা করেছে। বিক্ষোভের অনুমতি ও স্থান নির্ধারণ নিয়ে পুলিশের সঙ্গে তাদের আলোচনা চলছে। এখন দেখার, নতুন নিয়মের বিরুদ্ধে বিরোধীরা কী পদক্ষেপ করে।