চোরবাগান দুর্ঘটনায় আহতদের ৫ লক্ষ টাকা সাহায্য, চিকিৎসার খরচ দেবে রাজ্য

কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল রাজ্য সরকার। আহত প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আহতদের যাবতীয় চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনওরকম খামতি রাখা হবে না। আহতরা যে হাসপাতালে চিকিৎসা করাতে চাইবেন, সেখানেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস এবং আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব ও স্বাস্থ্যমন্ত্রী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বর্তমান বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের কথাও জানিয়েছেন তিনি।

এদিকে, ঘটনার জেরে চোরবাগান পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। পুজো মণ্ডপের উদ্যোক্তাদের মধ্যে কয়েক জন-সহ মোট ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অন্য পুজো কমিটিগুলিকেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পুজোর আয়োজনের ক্ষেত্রে মানুষের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে।