নিউজ পোল ব্যুরো: ৭ জুলাই সোমবার শুরু হল এপি ইএপিসিইটি (AP EAMCET 2025)-এর কাউন্সেলিং। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে শতাধিক কলেজে ভর্তির সুযোগ পাবেন লক্ষাধিক ছাত্রছাত্রী, যারা এবছর এপি ইএপিসিইটি (EAPCET) পরীক্ষায় সফল হয়েছেন। চলতি বছরের অন্ধ্রপ্রদেশ ইঞ্জিনিয়ারিং, কৃষি ও ফার্মেসি কমন এন্ট্রান্স টেস্ট যা বর্তমানে এপি ইএপিসিইটি নামে পরিচিত, তাতে সফল প্রার্থীদের জন্য শুরু হল বহু প্রতীক্ষিত কাউন্সেলিং প্রক্রিয়া। অন্ধ্রপ্রদেশ রাজ্য উচ্চশিক্ষা পরিষদ (APSCHE) সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই অনলাইন কাউন্সেলিং চলবে একাধিক ধাপে। প্রথম পর্যায়ে প্রার্থীরা ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আরও পড়ুন:Kantara Chapter 1: ‘কানতারা চ্যাপ্টার ১’-এর পোস্টার উন্মোচিত মুক্তির ঘোষণা!
জানা গিয়েছে, এবছর মে মাসের ১৯ থেকে ২৭ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে মোট ১৪৭টি পরীক্ষাকেন্দ্রে AP EAMCET 2025 অনুষ্ঠিত হয়। তাতে অংশগ্রহণ করেন প্রায় ৩.৬২ লক্ষ প্রার্থী। এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মূলত রাজ্যের ইঞ্জিনিয়ারিং, কৃষি এবং ফার্মেসি কলেজগুলিতে ভর্তি দেওয়া হয়। এবারের কাউন্সেলিং প্রক্রিয়ায় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মোট ৩২২টি কলেজ অংশ নিচ্ছে, যার মধ্যে সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানই রয়েছে।
প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেইসঙ্গে নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি জমা দিতে হবে। ফি নির্ধারিত হয়েছে সাধারণ ও ওবিসি শ্রেণির জন্য ১,২০০ এবং এসসি ও এসটি (SC/ST) প্রার্থীদের জন্য ৬০০। অনলাইনে পেমেন্ট সম্পন্ন করার পর প্রার্থীদের শিক্ষাগত ও ব্যক্তিগত নথিপত্র আপলোড করতে হবে, যা যাচাইয়ের পরই পরবর্তী ধাপে অংশগ্রহণ সম্ভব হবে।
পরবর্তী ধাপে প্রার্থীরা নিজেদের পছন্দের কোর্স ও কলেজ বেছে নিতে পারবেন ওয়েব অপশন এন্ট্রি-র মাধ্যমে, যা ১০ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত চালু থাকবে। ১৯ জুলাই সেই অপশনগুলিতে সম্পাদনা করার সুযোগ দেওয়া হবে। এরপর ২২ জুলাই প্রকাশিত হবে আসন বরাদ্দের ফলাফল। যারা কলেজ পেয়েছেন, তাদের ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, ক্লাস শুরু হবে আগামী ৪ আগস্ট থেকে।
এপএসসিএইচই (APSCHE)-র পক্ষ থেকে জানানো হয়েছে, AP EAMCET 2025 অনলাইনে ভর্তির পুরো প্রক্রিয়ায় যাতে কোনও রকম বিভ্রান্তি না হয়, সেজন্য তথ্য যাচাই থেকে শুরু করে আসন বরাদ্দ পর্যন্ত সব পর্যায়ে প্রযুক্তিগত স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। কোনো প্রকার ভুল বা বিভ্রান্তির ক্ষেত্রে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর ও সহায়তা কেন্দ্রের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রতি বছরের তুলনায় এবার প্রক্রিয়া আরও নির্ভুল ও সময়নিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের আগেভাগে সমস্ত নথি প্রস্তুত রেখে অনলাইনে ফর্ম পূরণ করার আহ্বান জানানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
