নিউজ পোল ব্যুরো: প্রায় এক দশক পর আবার পর্দায় ফিরছে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ (Dhumketu)-র মুক্তির ঘোষণা এসেছে অবশেষে, আর সেই সঙ্গেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘গানে-গানে’ (Gaane Gaane)। রিলিজের পর থেকেই গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। রোম্যান্স, সঙ্গীত আর পাহাড়ের মোহময় দৃশ্যপট সব মিলিয়ে দর্শকদের কাছে যেন এটি এক ‘নস্টালজিক রিওয়াইন’ (Nostalgic Revine)।
আরও পড়ুন:ভর্তির দিশা দেখাতে শুরু AP EAMCET 2025-এর কাউন্সেলিং!
গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের দুই বিখ্যাত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) ও শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ফলে বাংলা ছবির দর্শকদের কাছে গানটি বাড়তি পাওনা হয়ে উঠেছে। পাশাপাশি, দেব-শুভশ্রীর (Dev Subhashree) বহু বছর পর পর্দায় একসঙ্গে ফেরা স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা। এই গানেই যেন ধরা পড়েছে দেব-শুভশ্রীর পুরনো রসায়ন। পাহাড়ে, সূর্যরশ্মি মেখে, এক ফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা। অনুরাগীদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, গানটি তাঁদের আবেগে নাড়া দিয়েছে। বহুজনের মতে, এই গান তাঁদের ফিরিয়ে নিয়ে গিয়েছে ২০১০-এর দশকের শুরুতে, যখন দেব-শুভশ্রীর পর্দার কেমিস্ট্রি ছিল টলিউডের অন্যতম ইউএসপি।
কিন্তু এই ছবির যাত্রাপথ ছিল অনেকটাই কঠিন। ২০১৬ সালে ছবির শুটিং শেষ হলেও, দীর্ঘ ৮ বছর ধরে ছবিটি মুক্তি পায়নি। আইনি জটিলতা, প্রযোজক সংক্রান্ত সমস্যা ও আর্থিক টানাপোড়েন সব মিলিয়ে অনিশ্চয়তার ধোঁয়াশায় ঢাকা ছিল ‘ধূমকেতু’ (Dhumketu)। এমনকি ছবির সঙ্গে যুক্ত অনেক টেকনিশিয়ান এবং কর্মীর পারিশ্রমিক আটকে ছিল বলেও সূত্রের খবর। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন দেব নিজেই। তিনি ছবির অধিকারের দায়িত্ব নিয়ে তার নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তির বন্দোবস্ত করেন।
দর্শকদের এই দীর্ঘ অপেক্ষার প্রেক্ষিতে দেব একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ধূমকেতু’ (Dhumketu) তার কেরিয়ারের একটি আবেগঘন অধ্যায়। তার কথায়, “এই ছবি আমি, শুভশ্রী, পরিচালক ও গোটা টিম অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছিলাম। এটা আমার অন্যতম প্রিয় কাজ। তাই এটাকে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি।”
এই ছবি ঘিরে অন্যরকম উত্তেজনায় রয়েছেন প্রযোজক রানা সরকারও। তার আশ্বাস, দর্শক যদি এই ছবিকে ভালোবাসেন এবং এটি বক্স অফিসে সফল হয়, তবে ভবিষ্যতে আরও একবার এই জুটিকে পর্দায় ফেরানোর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৪ অগাস্ট, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন মুক্তি পাবে ‘ধূমকেতু’ (Dhumketu)। দেব-শুভশ্রীর কামব্যাক, শ্রেয়া-অরিজিতের সুরেলা যুগলবন্দি এবং টলিউডের (Tollywood) পর্দায় এক নস্টালজিক প্রেমকাহিনি সব মিলিয়ে এবার দর্শকদের চোখ থাকছে একটাই দিকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
