নিউজ পোল ব্যুরো:কেরালার মালাপ্পুরম জেলার কোদিনহি নামের ছোট্ট গ্রামটি ভারতের অন্য হাজারো গ্রামের মতোই দেখতে। তবে এই গ্রামকে ঘিরে রয়েছে এক চমকপ্রদ রহস্য— এখানে জন্ম নিচ্ছে অস্বাভাবিক হারে যমজ শিশু। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই কোদিনহি এখন পরিচিত ‘টুইন ভিলেজ’ বা যমজ গ্রাম (Kodinhi twin village) নামে। এই গ্রামের মোটামুটি দুই হাজার পরিবারের মধ্যেই রয়েছে প্রায় ৪৫০ জোড়া যমজ সন্তান।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/07/20/bathu-ki-ladi-submerged-temple-himachal-pradesh/
এই গ্রামে প্রতি বছর গড়ে জন্ম নেয় অন্তত ১৫ জোড়া যমজ। স্কুল, বাজার, খেলার মাঠ, এমনকি রাস্তাঘাটেও দেখা যায় এক রকম দেখতে শিশু বা মানুষ— যমজ ভাইবোন বা যমজ বন্ধু। কখনো কখনো তাদের চিনে রাখতে সমস্যায় পড়েন পরিবারের সদস্যরাও।
কোদিনহি গ্রামের (Kodinhi twin village) অবস্থান সমুদ্রের একেবারে ধারে। একদিকে রয়েছে লবণাক্ত জল, অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবুজের সমারোহ। দেখতে একেবারে সাধারণ, কিন্তু এখানকার যমজ জন্মের হার সত্যিই অস্বাভাবিক।
এই রহস্য সমাধানে ২০১৬ সালে ভারতের হায়দরাবাদ সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি, কোচির কেরালা ইউনিভার্সিটি অব ফিশারিজ অ্যান্ড ওশানিক স্টাডিজ, জার্মানির টিউবিনজেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজের গবেষকরা একত্রিত হয়ে কোদিনহি নিয়ে গবেষণা করেন। বিজ্ঞানীরা মনে করেন, এই গ্রামে শুধু জেনেটিক প্রভাব নয়, প্রকৃতির মধ্যেই এমন কিছু রাসায়নিক বা জৈব উপাদান থাকতে পারে, যা যমজ সন্তানের জন্মের পেছনে ভূমিকা রাখছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তবে বিজ্ঞান এই রহস্য পুরোপুরি ভেদ করতে না পারলেও, গ্রামবাসীরা একে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করেন। তাঁদের বিশ্বাস, এই গ্রামের কোনও মেয়ে যদি বাইরে বিয়ে করেও যান, তিনিও যমজ সন্তানের জন্ম দেন। আবার বাইরের কোনও মেয়ে যদি এই গ্রামে এসে বিয়ে করেন, তিনিও যমজ সন্তানই প্রসব করেন।
বিজ্ঞান আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে কোদিনহি আজও একটি রহস্যঘেরা নাম। তবে এই গ্রামের বাসিন্দারা এই অস্বাভাবিকতাকে অভিশাপ নয়, বরং আশীর্বাদ বলেই মেনে নিয়েছেন— গর্বে, ভালবাসায়।
