Suvendu Adhikari: কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে বিক্ষোভ ও হামলার অভিযোগ, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনা! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কোচবিহার (Coochbehar) সফরের সময় তার কনভয়কে ঘিরে ব্যাপক বিক্ষোভ, এমনকি হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন চত্বর এবং খাগড়াবাড়ি এলাকায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: PM Modi: সেনার সাফল্যে মোদীর সংবর্ধনা, পরমাণু ব্ল্যাকমেলকে সরাসরি প্রত্যাখ্যান

সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এসপি অফিস অভিযানে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু ঠিক সেই সময় স্টেশন সংলগ্ন এলাকায় কালো পতাকা নিয়ে জমায়েত শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। অভিযোগ, প্রথমে শুধু বিক্ষোভ চললেও পরে তা রূপ নেয় হিংসাত্মক চেহারায়। শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয় লক্ষ্য করে ইট-বাঁশ ছোঁড়া হয়, ভাঙচুর করা হয় গাড়ির কাচ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাৎক্ষণিক হস্তক্ষেপ করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়।

বিজেপি (BJP) নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের যৌথ মদতে বিরোধী দলনেতাকে হেনস্তার চেষ্টা হয়েছে। এ এক চরম নজির।” অন্যদিকে, তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় পাল্টা মন্তব্য করেন, “এই বিক্ষোভ কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, বাংলাভাষার প্রতি অসম্মানজনক মন্তব্যের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাবেন, সেখানেই গণবিক্ষোভ হবে।”

রাজ্য মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) আরও কড়া ভাষায় বলেন, “যারা বাংলা ভাষাকে অসম্মান করেন, তাদের কালো পতাকা দেখানো হবে। মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।” এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। রাজ্য রাজনীতি ফের একবার সংঘর্ষ ও প্রতিহিংসার রাজপথে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole