নিউজ পোল ব্যুরো: শুক্রবার স্বাধীনতা দিবসের (Independence Day 2025) ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) লালকেল্লা থেকে দেশের সুরক্ষা নিয়ে একাধিকবার্তা দিয়েছেন। স্পষ্ট করে দিয়েছেন তাঁর কাছে দেশের সুরক্ষা আগে। এমনকি এটাও ঘোষণা করেছেন দেশের যেকোনো বিপদ তিনি ঢাল হয়ে দাঁড়াবেন। ৭৯ তম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারতের কথা। দেশবাসীকে আস্বস্ত করে বলেছেন, যেকোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করার জন্য ভারত ২০৩৫ সালের মধ্যে সুদর্শন চক্র (Sudarshan Chakra ) নামে একটি উন্নত অস্ত্র ব্যবস্থা তৈরি করবে।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “এই অত্যাধুনিক প্রযুক্তিগত ঢালটি সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্থানগুলিকে রক্ষা করবে এবং আগামী ১০ বছরে ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।” এই প্রসঙ্গে উল্লখ্য, ভগবান কৃষ্ণের মারণ অস্ত্র থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক নিরাপত্তায় প্রতিষ্ঠিত সুদর্শন চক্র ভারতের প্রতিরক্ষা কৌশলে এক সাহসী রূপান্তরের প্রতিনিধিত্ব করে। মোদী ঘোষণা করেন যে, রেলওয়ে স্টেশন, হাসপাতাল, স্কুল এবং ধর্মীয় স্থান সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলিকে জাতীয় নিরাপত্তার আওতায় আনা হবে। লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, “আগামী দশ বছরে, ২০৩৫ সালের মধ্যে, আমি এই জাতীয় নিরাপত্তা ঢালকে সম্প্রসারিত, শক্তিশালী এবং আধুনিকীকরণ করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণের অনুপ্রেরণায় আমরা সুদর্শন (Sudarshan Chakra) চক্রের পথ বেছে নিয়েছি…জাতি সুদর্শন চক্র মিশন চালু করবে।” প্রধানমন্ত্রী বলেছেন “সুদর্শন চক্র মিশন হবে একটি সম্পূর্ণ আধুনিক ব্যবস্থা, যার গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন সম্পূর্ণরূপে ভারতেই সম্পন্ন হবে”।
প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে এই মিশনে একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ব্যবস্থা এবং অত্যাধুনিক অস্ত্র থাকবে, যা শত্রুর আগ্রাসন প্রতিহত করতে এবং শক্তিশালী প্রতিশোধমূলক প্রতিক্রিয়া প্রদান করতে সক্ষম হবে। এই উদ্যোগটি ক্রমবর্ধমান জটিল এবং গতিশীল বৈশ্বিক নিরাপত্তা পরিবেশের মধ্যে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে পুনরায় সংজ্ঞায়িত করার চেষ্টা করে। প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে জোর দিয়েছিলেন যে যুদ্ধের প্রকৃতি কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং ভারতকে প্রস্তুত থাকতে হবে। মোদী অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেন, যেখানে ভারত গত দশ বছরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ বন্ধ করেছিল। পাক বধ নিয়ে বলেছেন, “অপারেশন সিঁদুরে আমরা মেড ইন ইন্ডিয়ার কামাল দেখেছি। শত্রুরা বুঝতেও পারেনি কোন অস্ত্র তাদের ধ্বংস করছে। ভাবুন তো, আমরা আত্মনির্ভর না হলে কী এত বড় মাপে অপারেশন সিঁদুর করতে পারতাম? অন্যের উপরে নির্ভরশীল থাকতে হত যে কে, কবে অস্ত্র দেবে। মেড ইন ইন্ডিয়া অস্ত্র সেনার হাতে ছিল বলেই বিনা বাধায় সেনা পরাক্রম দেখিয়েছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
