নিউজ পোল ব্যুরো: উত্তরাখণ্ডে(Uttarakhand) ফের মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান ভয়াবহ চেহারা নিয়েছে। যার জেরে চামোলি(Chamoli) জেলার লাগওয়ারা গ্রামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে খবর। থারালি বাজার ও আশপাশের বহু এলাকায় দোকানপাট ভেসে যাওয়া বা কাদায় ঢেকে যাওয়া আবারও দেখাল হিমালয় অঞ্চলের প্রকৃতির কতটা অপ্রতিরোধ্য রূপ। এই ঘটনায় শুধু মানুষের ক্ষয়ক্ষতি নয়, ভেঙে পড়েছে রাস্তাঘাট, তছনছ হয়েছে পার্কিংয়ে(Parking) রাখা গাড়িও। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করলেও বহু মানুষ এখনও নিখোঁজ।
আরও পড়ুন: Rampage Missile : সীমান্তে বাড়তি চাপ, ইজ়রায়েলি র্যাম্পেজই ভরসা ভারতের
তবে এটিই বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক বছরে বারবার প্রমাণ হয়েছে, পাহাড়ি রাজ্যগুলিতে প্রকৃতির বিপর্যয় এখন প্রায় বার্ষিক দুর্যোগে পরিণত হচ্ছে। হিমাচল(Himachal), কাশ্মীর(Kashmir) কিংবা উত্তরাখণ্ড(Uttarakhand) কোথাও মেঘভাঙা বৃষ্টি, কোথাও হড়পা বান, কোথাও আবার ভূমিধস মানুষকে ভোগাচ্ছে একই ভাবে। নদীগুলি বিপজ্জনক মাত্রায় ফুলে ওঠায় হরিদ্বারে গঙ্গাও এখন বিপদসীমার উপর দিয়ে বইছে।
বিশেষজ্ঞদের মতে, এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ জলবায়ু পরিবর্তন ও লাগাতার অযত্নে নির্মাণকাজ। পাহাড় কেটে রাস্তা, বাঁধ ও হাইড্রো প্রজেক্ট তৈরি করার ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির চাপ সামলাতে পারছে না পাহাড়ি অঞ্চল। এর সঙ্গে যোগ হয়েছে বনভূমি ধ্বংস এবং অনিয়ন্ত্রিত পর্যটনের চাপ।
চামোলির(Chamoli) সাম্প্রতিক দুর্ঘটনা আমাদের আবারও সতর্ক করছে প্রকৃতির বিরুদ্ধে লড়াই নয়, তার সঙ্গে সহাবস্থানই একমাত্র পথ। পাহাড়ি এলাকায় নির্মাণনীতি পুনর্বিবেচনা, বন্যা সতর্কীকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং পরিবেশবান্ধব উন্নয়ন মডেল গ্রহণ ছাড়া এই দুর্যোগ রোখা সম্ভব নয়। অন্যথায়, উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলি আগামী দিনে আরও ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
