Newtown: মানবসেবার কর্মসূচি থেকে রাজনৈতিক সংঘর্ষ! নিউটাউনের রক্তদান শিবিরে তৃণমূলের গোষ্ঠীকলহ

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিউটাউন লস্করআটি বাজারে আয়োজিত এক রক্তদান শিবিরকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার বিকেলে শিবির চলাকালীনই সব্যসাচী দত্তের অনুগামী দুই গোষ্ঠীর মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চেয়ার নিয়ে একে অপরকে আঘাত করা পর্যন্ত গড়ায় পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ।

আরও পড়ুন : Suvendu Adhikari attack Mamata Banerjee:“চাকরিহারাদের দাগি বলা হলেও,আসল মহাদাগি মমতার সরকার” — শুভেন্দু অধিকারী!

রাজারহাট–নিউটাউন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সব্যসাচী দত্তর অনুগামী হিসেবেই পরিচিত স্থানীয় দুই নেতা—রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলী লস্কর এবং তৃণমূল নেতা এজাজুল লস্কর ওরফে কালো। একসময় এই দুই নেতাকে একই মঞ্চে দেখা গেলেও এখন তাদের সম্পর্ক একেবারেই শীতল। বরং দীর্ঘদিন ধরেই এলাকা দখল ও প্রভাব বিস্তারকে ঘিরে দুজনের মধ্যে চাপা টানাপোড়েন চলছিল।আজকের এই রক্তদান শিবিরের আয়োজক ছিলেন এজাজুল লস্কর। শিবিরে হাজির ছিলেন সব্যসাচী দত্ত নিজেও। প্রথমে অনুষ্ঠান নির্বিঘ্নেই চলছিল। কিন্তু হঠাৎ করে বাহার আলী লস্করের অনুগামীদের সঙ্গে এজাজুল লস্করের গোষ্ঠীর বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা মারামারিতে রূপ নেয়। চেয়ার ছোড়া, ধাক্কাধাক্কি এমনকি একে অপরকে মঞ্চের সামনে আক্রমণ করার মতো পরিস্থিতি তৈরি হয়।

সব্যসাচী দত্ত মঞ্চে উপস্থিত থাকলেও তার সামনেই এই অশান্তি ঘটতে দেখা যায়। স্থানীয় সূত্রের খবর, বাহার আলী লস্কর ও এজাজুল লস্কর দুজনেই নিজেদের গোষ্ঠী শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছেন। ফলে রক্তদান শিবিরকে ঘিরেই সেই প্রতিদ্বন্দ্বিতা ফেটে পড়ে প্রকাশ্যে। যদিও এই ঘটনার পর দুজন নেতাই ক্যামেরার সামনে মুখ খোলেননি। তাদের সমর্থকদের কাছ থেকেও কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত এলাকায় শান্তি ফিরলেও এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, সব্যসাচী দত্তর অনুগামী দুই শিবিরের দ্বন্দ্ব কতটা গভীর। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, জনসেবার নামে আয়োজিত কর্মসূচি যদি এভাবে রাজনৈতিক সংঘর্ষের মঞ্চ হয়ে ওঠে, তবে আগামী দিনে এলাকায় আরও বড় ধরনের অশান্তির আশঙ্কা থেকেই যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT