নিউজ পোল ব্যুরো: মুখের সৌন্দর্য নষ্ট করার অন্যতম কারণ ব্ল্যাকহেডস। ছোট ছোট কালো বিন্দুর মতো এই দাগগুলি সহজে চোখে না পড়লেও ত্বকের মসৃণতা কমিয়ে দেয়। সাধারণত, ব্ল্যাকহেডস (Blackheads) দূর করতে অনেকেই ব্যয়বহুল সালোঁ ট্রিটমেন্টের সাহায্য নেন। তবে কিছু সঠিক পদ্ধতি জানলে ঘরেই এই সমস্যা দূর করা সম্ভব। সহজ একটি তোয়ালের কৌশল আপনার ত্বককে রাখতে পারে পরিষ্কার ও উজ্জ্বল।
আরও পড়ুন: Face Scrub: ব্ল্যাকহেডস দূর করতে ঘরোয়া স্ক্রাব: সহজ টোটকায় পাবেন পরিষ্কার ত্বক
কেন হয় ব্ল্যাকহেডস (Blackheads)?
আমাদের ত্বকের রন্ধ্র বা পোরস ময়লা, তেল বা মৃত কোষ জমে বন্ধ হয়ে গেলে ব্ল্যাকহেডস তৈরি হয়। এগুলি দেখতে ছোট ছোট কালো বিন্দুর মতো। নিয়মিত পরিচ্ছন্নতা ও সঠিক যত্ন না নিলে এই সমস্যা ক্রমে বাড়তে পারে।
পরিষ্কারের ঘরোয়া কৌশল
ব্ল্যাকহেডস তুলতে লাগবে পরিষ্কার তোয়ালে ও গরম জল। প্রথমে মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর গরম জলের ভাপ নিন কয়েক মিনিট। এবার তোয়ালেটি গরম জলে ভিজিয়ে নিংড়ে মুখে বা ব্ল্যাকহেডস থাকা স্থানে চেপে ধরুন। গরম ভাপে রন্ধ্র উন্মুক্ত হয়ে ব্ল্যাকহেডস নরম হয়ে যাবে। নরম অবস্থায় তোয়ালে দিয়ে হালকা চাপে ঘষলেই সহজে পরিষ্কার হয়ে যাবে ত্বক। এই প্রক্রিয়া মৃত কোষ ঝরাতেও সাহায্য করবে। তবে মুখ ঘষার সময় বেশি চাপ না দেওয়াই ভালো, কারণ এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। শেষে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন, এতে রন্ধ্র সংকুচিত হয়ে ত্বক উজ্জ্বল দেখাবে।
প্রতিরোধের উপায়
ব্ল্যাকহেডস এড়াতে এক্সফোলিয়েশন বা মৃত কোষ ঝরানো খুবই জরুরি। সপ্তাহে দু’দিন হালকা স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি, নিয়মিত বিছানা ও বালিশ পরিষ্কার রাখা জরুরি, কারণ অপরিচ্ছন্ন পরিবেশও এই সমস্যার কারণ হতে পারে। মাসে সর্বোচ্চ চারবার এই তোয়ালে ট্রিটমেন্ট করা ভালো। এর বেশি করলে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
এই ঘরোয়া পদ্ধতি ব্যয়বহুল সৌন্দর্যচর্চার বিকল্প হতে পারে। ব্যস্ত জীবনে বেশি সময় বা খরচ না করেও সুন্দর ও পরিষ্কার ত্বক পাওয়া সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
