নিউজ পোল ব্যুরো: অভিনয়ে যেমন দক্ষতা, তেমনই ব্যক্তিত্বে অনন্যা। দুই বাংলার দর্শককে সমানভাবে মুগ্ধ করেছেন অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। সৌন্দর্যের ঝলক বা জনপ্রিয়তার ঔজ্জ্বল্য সব কিছু মিলিয়েই তিনি আজ সিনেমা জগতের অন্যতম শক্তিশালী নাম। তবে সাফল্যের শিখরে দাঁড়িয়েও জয়ার উপলব্ধি, সাফল্য কখনও সহজে মেলে না।
সম্প্রতি জাহিদ হাসানের (Jahid Hasan) লেখা ধার করে একটি কবিতার লাইন শেয়ার করেছেন তিনি। সেখানে জীবনের সাফল্যের সংজ্ঞা টেনে এনে জয়া লিখেছেন, “জীবনের কোনও সফলতাই শাপলা ফুলের মত নয় যে, পুকুরের উপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভিতর থেকে উঠতে হয়।” এই কয়েকটি লাইনের মাধ্যমেই যেন নিজের জীবনের অভিজ্ঞতাই তুলে ধরলেন অভিনেত্রী (Jaya Ahsan)। কারণ জয়ার পথ চলা মোটেও মসৃণ ছিল না। বাংলাদেশের টেলিভিশন নাটক দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার। দীর্ঘ যাত্রাপথে দেখেছেন দাম্পত্য ভাঙনের মতো কঠিন অধ্যায়ও। ১৩ বছরের সম্পর্কে ইতি টেনে তিনি বেছে নিয়েছেন একলা চলার পথ।
তবে ব্যক্তিগত জীবনের এই ওঠাপড়া তাঁকে থামিয়ে রাখতে পারেনি। বরং আরও দৃঢ় করেছে। একের পর এক ছবি বাংলাদেশের “তাণ্ডব” (Tandav) থেকে শুরু করে এপার বাংলার “পুতুল নাচের ইতিকথা” (Putul Nacher Itikotha) তাঁর অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে। তবে জনপ্রিয়তার সঙ্গে যুক্ত হয়েছে বিতর্কও। কখনও ঢাকাই শাড়িতে ফটোশুট করে সমালোচনার মুখে পড়েছেন, আবার কখনও কলকাতায় বেশি দিন কাটানো নিয়ে কটাক্ষ শুনেছেন। কিন্তু জয়া (Jaya Ahsan) সব সময় স্পষ্ট করেছেন খুশি থাকাটাই তাঁর জীবনের অগ্রাধিকার। কাজের ব্যস্ততার বাইরে তিনি সময় দেন পরিবার, নিজের বাগান আর প্রিয় পোষ্যদের। সাফল্যের পথে সংগ্রামকে তিনি গ্রহণ করেছেন সহজভাবে। তাঁর কথাতেই যেন লুকিয়ে জীবনের বার্তা “ডুব না দিলে সোনার মাছ ধরা যায় না।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
