নিউজ পোল ব্যুরো: পুজো দরজায় কড়া নাড়ছে। আলমারিতে সাজানো শাড়ি আর ব্লাউজ়ের পরিকল্পনা আগেই সেরে ফেলেছেন অনেকেই। কেউ বেছে নিয়েছেন ‘ডিপ কাট’ ব্লাউজ়, কেউ বা পিঠখোলা পোশাক। কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে পিঠে জমে থাকা অতিরিক্ত মেদ। পিঠের মেদ যেমন দেখতে খারাপ লাগে, তেমনই পোশাকের ফিটিংয়েও বাধা দেয়। অনেকেই পেট বা কোমরের মেদ নিয়ে বেশি চিন্তা করেন, কিন্তু পিঠের মেদও সমান সমস্যাজনক। কয়েকটি সহজ যোগাসন (Yoga) করলে খুব অল্প সময়ে এই মেদ নিয়ন্ত্রণে আনা সম্ভব।
আরও পড়ুন: Body Oil: প্রাকৃতিক তেলে মাসাজ: হাত-পায়ের রুক্ষতা দূর করে আনুন জেল্লা
ধনুরাসন
ধনুরাসন শরীরকে টানটান করে, পিঠের মেদ কমাতে কার্যকর। ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন এবং গোড়ালি নিতম্বের কাছে আনুন। হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে ধীরে ধীরে পা উপরের দিকে তুলুন। এরপর বুক ও মাথাও সামনের দিকে তুলুন। পেট মাটিতেই থাকবে। টানটান অবস্থায় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০-৩০ সেকেন্ড থাকুন, তারপর আস্তে আস্তে প্রাথমিক ভঙ্গিতে ফিরে আসুন।
ভুজঙ্গাসন
পিঠের নমনীয়তা বাড়াতে এবং মেদ ঝরাতে ভুজঙ্গাসন দারুণ। ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে দুই পা সোজা করুন। হাতের তালু মাটিতে রেখে শ্বাস নিতে নিতে মাথা ও বুক ধীরে উপরের দিকে তুলুন। নাভি যেন মাটি থেকে সামান্য ওপরে ওঠে। হাতের ভর না নিয়ে চেষ্টা করুন বুক তুলতে। ৩০ সেকেন্ড এই ভঙ্গি ধরে রেখে আবার আগের অবস্থায় ফিরুন।
কন্ধরাসন
এই আসন কোমর ও পিঠের মেদ কমাতে সাহায্য করে। ম্যাটে চিৎ হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করুন। হাত রাখুন গোড়ালির কাছে। এবার কাঁধ ও পায়ের ভর দিয়ে কোমর তুলুন। মাথা, ঘাড় ও কাঁধ মাটিতে রাখুন। ২০ সেকেন্ড এই ভঙ্গি ধরে রাখুন, তারপর ধীরে আগের অবস্থায় ফিরুন।
এই তিনটি আসন প্রতিদিন করলে পিঠের মেদ যেমন কমবে, তেমনই শরীর হবে নমনীয়। পাশাপাশি, রক্ত সঞ্চালনও উন্নত হবে এবং শরীরের অন্যান্য পেশিতেও টান আসবে। নিয়মিত চর্চা করলে পিঠ, কাঁধ এবং কোমরের আকৃতি সুন্দর হবে।
পুজোর আগে যাঁরা শরীরচর্চা শুরু করতে চান, তাঁদের জন্য এই তিনটি যোগাসন (Yoga) দারুণ উপকারী। তবে যাঁদের স্লিপ ডিস্ক বা পিঠে গুরুতর সমস্যা আছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ নিয়ে এই আসন করা উচিত। সময়মতো খাবার এবং পর্যাপ্ত জল পান করলে এই ব্যায়ামের ফল আরও দ্রুত দেখা দেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
