নিউজ পোল ব্যুরো: লাউকে (Bottle Gourd) অনেকে পেট ঠান্ডা রাখা ও হজমের সমস্যার সমাধানকারী সব্জি হিসেবে চেনে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, রক্ত পরিশ্রুত করা, কোলেস্টেরল কমানো, হার্ট সুস্থ রাখা, এমনকি ত্বক ও চুলের যত্নে লাউ বেশ উপকারী। তবে যতই গুণ থাকুক, লাউ সবার জন্য সমানভাবে উপযুক্ত নয়। কিছু বিশেষ শারীরিক অবস্থায় লাউ খেলে ক্ষতির সম্ভাবনাও থাকে।
আরও পড়ুন: Cholar Dal: দুর্গাপুজোর ভোগে অপরিহার্য ছোলার ডাল, জেনে নিন সহজ রন্ধনপ্রণালী
লাউ কারা খাবেন না?
অন্তঃসত্ত্বা মহিলারা
লাউয়ে (Bottle Gourd) কিউকারবিটাসিন নামক একটি উপাদান থাকে, যা তেতো স্বাদের। তেতো লাউ খেলে শরীরে বিষক্রিয়ার মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে এর প্রভাব গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে। তাই গর্ভাবস্থায় লাউ খাওয়ার আগে সতর্ক থাকা জরুরি।
রক্তচাপের রোগীরা
লাউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে অতিরিক্ত লাউ খেলে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে, যার ফলে মাথা ঘোরা, বমি ভাব বা মাথা যন্ত্রণা দেখা দিতে পারে। যাঁদের রক্তচাপ কম (হাইপোটেনশন), তাঁদের লাউ খাওয়ার আগে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত।
কিডনির রোগীরা
লাউয়ে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি। কিডনির সমস্যা থাকলে নিয়মিত লাউ খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর। তাই কিডনির রোগীদের লাউ খাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা মানা জরুরি।
হজমে সমস্যা যাঁদের
লাউ হজমের জন্য উপকারী হলেও, অতিরিক্ত খেলে সমস্যাও বাড়তে পারে। বিশেষ করে যাঁদের অ্যাসিড রিফ্লাক্স বা আইবিএস আছে, তাঁদের সন্ধ্যার পর বেশি লাউ খাওয়া উচিত নয়। এতে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা তীব্র হতে পারে। লাউয়ে উচ্চমাত্রায় ফাইবার থাকায় অতিরিক্ত খেলে হজমে গণ্ডগোলও হতে পারে।
তাই লাউ যতই পুষ্টিকর হোক, সঠিক মাত্রা মেনে এবং শরীরের অবস্থা অনুযায়ী খাওয়াই বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যকর খাবারও কখন, কতটা খেতে হবে—তা জানা থাকলে তবেই পাওয়া যাবে তার প্রকৃত উপকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
