Cholar Dal: দুর্গাপুজোর ভোগে অপরিহার্য ছোলার ডাল, জেনে নিন সহজ রন্ধনপ্রণালী

Life style

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর ভোগ মানেই নিরামিষ আহার। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ নিঃসন্দেহে ছোলার ডাল (Cholar Dal)। পেঁয়াজ-রসুন ছাড়া হালকা মশলায় রান্না করা এই ডাল যেমন সুস্বাদু, তেমনই পুজোর ভোগের জন্য একেবারে উপযুক্ত। ভাত, লুচি কিংবা রুটির সঙ্গে ছোলার ডালের স্বাদ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

 

আরও পড়ুন: Durga Puja 2025: মহালয়ার সকালে গঙ্গার ঘাটে তর্পণের ঢল, ভিড় সামলাচ্ছে পুলিশ-ড্রোন

 

প্রয়োজনীয় উপকরণ

ছোলার ডাল

আদা কুচি

টমাটো কুচি

হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো

তেজপাতা, শুকনো লাল মরিচ, গোটা গরম মশলা, জিরে

কাঁচা লঙ্কা

ঘি বা সর্ষের তেল

নুন

কসুরি মেথি

অল্প হিং

বেকিং সোডা

 

রান্নার ধাপ

 

১. ডাল সেদ্ধ করা:

প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে আধঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে জল, নুন, এক চিমটে হলুদ, অল্প তেল ও সামান্য বেকিং সোডা দিয়ে ডাল সেদ্ধ করে নিন।

 

২. ফোড়ন দেওয়া:

কড়াইতে ঘি বা সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ও এক চিমটে হিং দিয়ে ফোড়ন দিন। তারপর কুচোনো আদা দিয়ে হালকা ভেজে নিন।

 

৩. মশলা কষানো:

এবার টমাটো কুচি দিয়ে ভেজে নিন। সঙ্গে হলুদ, ধনে, লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে অল্প জল ছিটিয়ে মশলা ভালো করে কষে নিন।

 

৪. ডাল মেশানো:

সেদ্ধ ডাল মশলার মধ্যে ঢেলে নেড়ে দিন। নুন স্বাদ মতো ঠিক করে দিন। জল দিয়ে ডালের ঘনত্ব ইচ্ছেমতো পাতলা বা ঘন করে নিন। কয়েক মিনিট ফুটিয়ে নিন।

 

৫. বিশেষ টুইস্ট:

শেষে ওপর থেকে ভাজা মশলা ও কসুরি মেথি ছড়িয়ে দিন। চাইলে কয়লার ধোঁয়ার ফ্লেভারও যোগ করতে পারেন—একটা জ্বলন্ত কয়লা ডালের মধ্যে রাখা ছোট বাটিতে রেখে তার উপর ঘি ঢেলে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিন। কয়েক মিনিট পর ঢাকনা খুলে নিলেই তৈরি হবে একদম ভোগের মতো সুগন্ধি ছোলার ডাল।

 

পরিবেশন

 

গরম ভাত, লুচি, রুটি বা পরোটার সঙ্গে এই ছোলার ডাল পরিবেশন করুন। উৎসবের আমেজে পরিবার ও অতিথিরা নিশ্চয়ই চেটেপুটে খাবেন।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole