EPFO-র নিয়মে আসছে বড় পরিবর্তন, টাকা তোলার প্রক্রিয়া হবে আরও সহজ, কর্মীদের অধিকারে জোর দিচ্ছে কেন্দ্র সরকার

দেশ ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: ভবিষ্যনিধি (PF) তহবিলের টাকা তোলার নিয়মে (EPFO) বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র সরকার। কর্মীদের সুবিধা ও আর্থিক স্বাধীনতার কথা মাথায় রেখে, PF থেকে টাকা তোলার নিয়মকে আরও সহজ ও বাস্তবসম্মত করার বিষয়ে পরিকল্পনা শুরু করেছে সরকার।

আরও পড়ুন: Pakistan: জঙ্গি আশ্রয়ে বিশ্বচ্যাম্পিয়ন! রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তীব্র কটাক্ষ ভারতের

বর্তমানে EPFO (Employees’ Provident Fund Organisation)-র আওতায় থাকা কর্মীরা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই কেবলমাত্র PF-এর টাকা তুলতে পারেন। যেমন, অবসরের পর, দীর্ঘ সময় ধরে বেকার থাকলে, বা নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় খাতে যেমন বিবাহ, উচ্চশিক্ষা বা বাড়ি কেনার ক্ষেত্রে সীমিত পরিমাণে অর্থ উত্তোলনের সুযোগ রয়েছে। তবে এই নিয়মগুলি বেশ কিছু জটিলতা তৈরি করে কর্মীদের জন্য, বিশেষ করে যারা হঠাৎ করে আর্থিক চাপে পড়েন। এই প্রেক্ষিতেই কেন্দ্র ভাবছে PF তহবিল ব্যবহারে আরও বেশি স্বাধীনতা দেওয়ার। সূত্রের খবর, আগামী বছরের মধ্যেই চালু হতে পারে নতুন নিয়ম। এতে PF সদস্যরা তাদের প্রয়োজন অনুযায়ী আরও সহজে এবং কম কাগজপত্রে টাকা তুলতে পারবেন। কর্মচারীদের ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান আর্থিক চাপ সামলানোর ক্ষেত্রেও যেন এই তহবিল কার্যকর হয়, সে দিকেই নজর দেওয়া হচ্ছে।

বর্তমানে, EPFO-এর পুরো টাকা তোলা যায় অবসরগ্রহণের সময় (৫৮ বছর বয়সে) অথবা কাজ ছেড়ে দুই মাস পেরিয়ে গেলে। আংশিক টাকা তোলা গেলেও তা নির্দিষ্ট শর্তসাপেক্ষ। উদাহরণস্বরূপ, বিয়ের জন্য PF থেকে টাকা তুলতে গেলে কর্মীর অন্তত সাত বছর চাকরি করার প্রমাণ থাকতে হয়, এবং সর্বাধিক ৫০% টাকা তোলা যায়। বাড়ির ক্ষেত্রেও সদস্যকে অন্তত তিন বছর চাকরি করতে হবে এবং সর্বাধিক ৯০% পর্যন্ত টাকা তোলার সুযোগ রয়েছে। নতুন নিয়মে এইসব সীমাবদ্ধতা অনেকটাই শিথিল হওয়ার সম্ভাবনা। কারণ PF-এর টাকা সম্পূর্ণ কর্মচারীদের নিজস্ব উপার্জন, তাই সরকার চাইছে তারা যেন নিজেদের প্রয়োজনমতো এই সঞ্চয় ব্যবহার করতে পারেন নিয়মের বেড়াজালে না পড়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole