Night Skincare: রাতে ঘুমোনোর আগে ১০ মিনিট সময় দিলেই মিলবে তরতাজা ত্বক

রূপচর্চা

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজোর সময় মানেই রাত জাগা, প্যান্ডেল হপিং আর আড্ডা। কিন্তু এই ব্যস্ততায় অনেক সময়েই ত্বক ক্লান্ত দেখায়, মুখে ব্রণ ওঠে বা চোখের নিচে কালি জমে যায়। আসলে রাতে ঘুমের সময়ই ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনর্গঠিত হয়। তাই শোয়ার আগে সামান্য যত্ন (Night Skincare) নিলেই ত্বক পরের দিন সকালেই দেখাবে ঝকঝকে ও সতেজ। বিশেষজ্ঞদের মতে, মাত্র ১০ মিনিট সময় দিলেই সম্ভব ক্লান্তির ছাপ দূর করা।

আরও পড়ুন:Dev : পুজোর ভিড়ে মানবিক মুখ, অসহায় বৃদ্ধকে সাহায্যের হাত বাড়ালেন দেব

৫ ধাপের নাইট স্কিন কেয়ার

১. ক্লিনজিং
দিনভর ধুলো-ময়লা, ঘাম ও মেকআপ মুখে জমে থাকে। সেগুলি পরিষ্কার না করলে সংক্রমণ ও ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ে। তাই প্রথমেই মেকআপ তুলতে হবে মাইসেলার ওয়াটার বা নারকেল তেল দিয়ে। এরপর মৃদু ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক সম্পূর্ণ পরিষ্কার হবে।

২. এক্সফোলিয়েশন
ত্বকের মৃত কোষ সরাতে সপ্তাহে অন্তত দু’দিন এক্সফোলিয়েশন জরুরি। বাজারচলতি স্ক্রাব ব্যবহার করতে পারেন। ঘরোয়া উপায় চাইলে চালের গুঁড়ো দুধ বা জলে গুলে হালকা মাসাজ করে ধুয়ে নিলেও সমান কার্যকর।

৩. টোনার
ত্বকের পিএইচ ব্যালান্স রাখতে টোনার দারুণ কাজ করে। তৈলাক্ত ত্বকে নিম, তুলসী বা টি-ট্রি অয়েলযুক্ত টোনার ভালো ফল দেয়। সাধারণ ত্বকের জন্য ব্যবহার করতে পারেন গোলাপজল। নিয়মিত টোনার ব্যবহার করলে ব্রণ ও র‌্যাশের সমস্যা কমে।

৪. সিরাম
ত্বকের চাহিদা অনুযায়ী সিরাম বেছে নিন। বলিরেখার সমস্যা থাকলে ভিটামিন সি, রেটিনল বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ভালো। ব্রণপ্রবণ ত্বকের জন্য নায়াসিনামাইড সিরাম কার্যকর। শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং সিরাম ব্যবহার করলে ত্বক পায় পর্যাপ্ত আর্দ্রতা।

৫. ময়েশ্চারাইজ়ার
শেষ ধাপে অবশ্যই ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে হবে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং রাতভর ত্বককে নরম ও মসৃণ রাখে। নিজের ত্বকের ধরণের সঙ্গে মানানসই ময়েশ্চারাইজ়ার বেছে নেওয়াই সবচেয়ে জরুরি।

এই ৫ ধাপের প্রতিটিতে ২ মিনিট সময় দিলেই মোটে ১০ মিনিটে সম্পূর্ণ নাইট স্কিন কেয়ার (Night Skincare) রুটিন শেষ হয়ে যাবে। নিয়মিত মেনে চললে ত্বকের ক্লান্তি দূর হবে, ব্রণ ও শুষ্কতা কমবে, আর সকালবেলা আয়নায় নিজের মুখ দেখেই ভালো লাগবে। উৎসবের মরসুমে তাই কেবল সাজগোজ নয়, ঘুমের আগে সামান্য যত্নও জরুরি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole