নিউজ পোল ব্যুরো: নির্বাচনী দামামা বেজে উঠল বিহারে (Bihar Election)। ছট পুজো মিটতেই শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। সোমবার নয়াদিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করল বিহারে ভোটগ্রহণ হবে দু’দফায়, আর ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর, এবং দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই বিহারে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Boeing 787: বিপদের টারবাইন? ফের সক্রিয় RAT, ডিজিসিএ-কে সতর্ক করল পাইলট সংগঠন
বিহারে (Bihar Election) মোট ২৪৩টি বিধানসভা আসনে এই দুই দফায় ভোট গ্রহণ হবে। প্রথম দফায় ১২১টি এবং দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোট হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার বক্তব্য, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই ছট পুজো মিটে যাওয়ার পরেই এই নির্ঘণ্ট নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলিও এই বিষয়টি বিবেচনায় রাখতে কমিশনের কাছে আবেদন জানিয়েছিল।
প্রসঙ্গত, ছট পুজো চলবে ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। আর এই সময়ে বহু প্রবাসী ভোটার বিহারে (Bihar Election) ফিরে আসেন। ফলে ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা থাকায় কমিশন এই সময়সূচি বেছে নিয়েছে। বিহারে এবার ভোটদানের সুযোগ পাবেন ৭.৪২ কোটি ভোটার, যার মধ্যে ৩.৯২ কোটি পুরুষ এবং ৩.৫ কোটি মহিলা। কমিশনের হিসেব অনুযায়ী, প্রথমবার ভোট দেবেন প্রায় ১৪ লাখ নতুন ভোটার।
তবে একটি বড় চমকও উঠে এসেছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪৮ লাখ ভোটারের নাম। গত ২৪ জুন ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি, যা কমে এখন ৭.৪২ কোটিতে দাঁড়িয়েছে। দ্বিতীয় দফার ভোটের দিনই দেশের আরও ৮টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই ফলও ১৪ নভেম্বর-এ একসঙ্গে ঘোষণা করা হবে।
এই নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই বিহারে শুরু হয়ে গেল নির্বাচনী তাপমাত্রা বৃদ্ধির খেলা। কোন দল কী রণকৌশল নেয়, কে এগিয়ে যায় জনমতের ময়দানে তা নির্ধারণ করবে আগামী কয়েক সপ্তাহ। আপাতত নজর থাকবে প্রচারপর্ব ও রাজনৈতিক সমীকরণের উপর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
