নিউজ পোল ব্যুরো: প্রাকৃতিক বিপর্যয়ের (Cyclone) সামনে মানুষ কতটা অসহায় তার আরেকটি প্রকট উদাহরণ হয়ে উঠেছে ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ (Ditwah)। শ্রীলঙ্কায় ভয়াল ধ্বংসযজ্ঞ চালিয়ে এই ঝড় দক্ষিণ ভারতের দিকে ধেয়ে আসতেই উপকূলবর্তী অঞ্চলজুড়ে নেমে এসেছে আতঙ্কের ছায়া। সমুদ্রের উপর অবস্থান করলেও দিতওয়ার (Cyclone) প্রভাবেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির আকাশ যেন একটানা ক্রুদ্ধ হয়ে উঠেছে।
শ্রীলঙ্কায় (Srilanka) তাণ্ডব চালিয়ে শতাধিক মানুষের জীবন কেড়ে নেওয়ার পর ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ এখন দক্ষিণ ভারতের আবহাওয়া ব্যবস্থাকে নাজেহাল করে তুলেছে। ঝড়টি যদিও স্থলভাগে আছড়ে পড়েনি, তবু তার প্রভাবে উপকূলীয় রাজ্যগুলিতে শুরু হয়েছে অবিরাম বর্ষণ ও ঝোড়ো হাওয়া। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য মতে, দিতওয়া বর্তমানে সমুদ্রের উপর অবস্থান করে ধীরে ধীরে উত্তরমুখী হয়ে প্রতি ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। রবিবার সন্ধ্যায় ঝড়ের কেন্দ্রবিন্দু ছিল কুড্ডালোর থেকে প্রায় ১০০ কিলোমিটার এবং চেন্নাই থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে।
ঝড় নিজে সরাসরি উপকূলে না এলেও এর আশপাশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে তামিলনাড়ু (Tamilnadu), অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) ও পুদুচেরিতে বৃষ্টির তীব্রতা বেড়ে গিয়েছে। তামিলনাড়ুর কয়েকটি জেলায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্ভাগ্যবশত, আবহাওয়ার এই প্রতিকূলতার কারণে তিনজনের প্রাণহানি ঘটেছে থুথুকুড়ি ও থানজাভুরে দেওয়াল ধসে দুই মৃত্যু এবং মায়িলাদুথুরাই এলাকায় বজ্রাঘাতে একজন যুবকের মৃত্যু হয়েছে।
নাগপট্টিনম জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। টানা বৃষ্টিতে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় ঘরবাড়ি ও চাষের জমি ডুবে গিয়েছে। বিপর্যয়জনিত (Cyclone) কারণে পরিবহন পরিষেবায় ব্যাপক ব্যাঘাত ঘটছে। চেন্নাই বিমানবন্দরে শনিবার যেসব ৩৫টি উড়ান বাতিল হয়েছিল, রবিবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও ৪৭টি ফ্লাইট। ট্রেন পরিষেবাতেও প্রভাব পড়েছে বিভিন্ন রুটে একাধিক ট্রেন বাতিল বা বিলম্বিত হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতির ওপর নজর রেখে রেল বোর্ড ও জোনাল দফতরগুলিতে ওয়ার রুম চালু করার নির্দেশ দিয়েছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়। আবহাওয়া দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে যে উপকূলের কাছাকাছি এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং তা সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্যদিকে, শ্রীলঙ্কায় দিতওয়ার তাণ্ডব এখনো স্থির হয়নি। প্রবল বৃষ্টি, ঝড় ও ভূমিধসে সে দেশে ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ। ভারত মানবিক সহায়তা হিসেবে চালু করেছে ‘অপারেশন সাগর বন্ধু’, যার মাধ্যমে ত্রাণ, উদ্ধারকারী দল, হেল্পলাইন ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে আটকেপড়া মানুষদের কাছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
