নিউজ পোল ব্যুরো: সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শেষ হলেও এখনও আসন খালি রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তাই নতুন করে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (Murshidabad University)। বিশেষ আকর্ষণ, রেশমপোকা চাষ বা সেরিকালচার বিষয়ে স্নাতক স্তরে পড়ার অনন্য সুযোগ। রেশমপোকার জীবনচক্র, রেশম উৎপাদনের বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং চাষাবাদের আধুনিক প্রযুক্তি শেখানো হবে এই পাঠ্যক্রমে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, উল্লিখিত বিষয়ে মোট ১৮ জন শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা, যাদের অন্তত ৪৫ শতাংশ বা তার বেশি নম্বর রয়েছে, তারাই আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:Rukmini Maitra: নতুন ছবিতে রাতুল উপহার দিচ্ছে নতুন জুটি! রুক্মিনীর বিপরীতে থাকবে কে?
এছাড়াও বাংলা, ইংরেজি, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শারীরশিক্ষা, সংস্কৃত, সাঁওতালি, শিক্ষা, সমাজতত্ত্ব এবং ট্যুরিজ়ম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট—এই সমস্ত বিভাগেও স্নাতক স্তরের কোর্সে ভর্তি নেওয়া হবে। চার বছরের স্নাতক ডিগ্রির পাশাপাশি তিন বছরের ডিগ্রি, দুই বছরের ডিপ্লোমা এবং এক বছরের ইউজি সার্টিফিকেট কোর্সের সুযোগও থাকছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (Murshidabad University)-এ। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি কাঠামোও শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। কলা বিভাগের আটটি সেমেস্টারের জন্য মোট ফি ১৬,৭০০ টাকা, বিজ্ঞান শাখার ক্ষেত্রে ২০,৭০০ টাকা, এবং গণিতের জন্য ১৭,০০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া পরীক্ষার সময়ে অতিরিক্ত ৪০০ টাকা ফি দিতে হবে।
আবেদনকারীরা অনলাইনে ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। প্রথম প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে ১৯ অক্টোবর, আর দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে ২ নভেম্বর। প্রথম তালিকার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে ২৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত, আর দ্বিতীয় তালিকার ক্ষেত্রে ২ থেকে ৪ নভেম্বরের মধ্যে ভর্তি সম্পূর্ণ করতে হবে। রেশমচাষ ও কৃষিবিজ্ঞানের সংযোগে তৈরি এই নতুন কোর্সটি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদী মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (Murshidabad University)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
