নিউজ পোল ব্যুরো: নির্বাচনের ঢাকে কাঠি পড়তে আর দেরি নেই। উৎসবের রেশ কাটতেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের সর্বোচ্চ দুই মুখ—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়—(Mamata-Abhishek) নভেম্বরের শুরুতেই জনসমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছেন নির্বাচনী প্রচার। সম্ভাব্য ভেন্যু কলকাতার (Kolkata) ঐতিহাসিক শহিদ মিনার ময়দান, যদিও বিকল্প স্থানও বিবেচনায় রয়েছে।
সূত্রের খবর, আগামী ২ নভেম্বর তৃণমূল সুপ্রিমো ও তার উত্তরসূরি মঞ্চে (Mamata-Abhishek) উঠে রাজ্যের জনগণের সামনে তুলে ধরবেন ছাব্বিশের নির্বাচনের মূল ইস্যুগুলি। আর সেই ইস্যুর কেন্দ্রে রয়েছে এসআইআর” স্পেশাল ইনটেনসিভ রিভিশন” অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। তৃণমূলের আশঙ্কা, এই সংশোধনের আড়ালে বিজেপি ও তার মদতপুষ্ট মহল রাজ্যের বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তাই শুরু থেকেই এই ইস্যুতে আগ্রাসী অবস্থানে ঘাসফুল শিবির। নভেম্বরের সভা থেকেই রাজ্যজুড়ে দলীয় প্রচারে নতুন গতি আনার রণকৌশল ঠিক করবেন মমতা ও অভিষেক (Mamata-Abhishek)। রাজনৈতিক মহলের অভিমত, ব্রিগেড ময়দানের মতোই এবার শহিদ মিনার থেকেও হতে পারে নির্বাচনী প্রচারের জোরালো সূচনা। লোকসভা নির্বাচনের আগে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক ঝটকায় প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছিলেন, এবারও ছাব্বিশের আগে কিছু চমক থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে একটি নতুন প্রচার প্ল্যাটফর্মও চালু করেছে তৃণমূল। ডিজিটাল মাধ্যমে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে দল। রাজ্যের প্রতিটি বুথে, প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই প্রচারাভিযানকে। সব মিলিয়ে স্পষ্ট, উৎসবের পরপরই যুদ্ধ ঘোষণা করতে চলেছে তৃণমূল। শহিদ মিনার থেকে তৃণমূলের লড়াইয়ের দামামা বাজলে রাজনীতির ময়দান আরও উত্তপ্ত হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ছাব্বিশের ভোট যে আর অনেক দূরে নয়, তা একরকম বুঝিয়ে দিতে চাইছে রাজ্যের শাসকদল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
