নিউজ পোল ব্যুরো: নতুনভাবে ইতিহাসের পাতায় নাম লিখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দেশের সর্বোচ্চ পদাধিকারী হিসেবে প্রথমবার রাফাল যুদ্ধবিমানে চেপে আকাশপথে উড়লেন তিনি। বুধবার হরিয়ানার (Haryana) অম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এই ঐতিহাসিক উড়ানের সাক্ষী রইল গোটা দেশ। রাষ্ট্রপতির সফরে তাকে ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়, এরপরই তিনি ভারতীয় বায়ুসেনার আধুনিকতম যুদ্ধবিমান রাফালে চেপে একটি সর্টি উড়ানে অংশ নেন। এভাবেই নতুন দিগন্ত খুলে দিলেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।
আরও পড়ুন: Tejashwi Yadav: তেজস্বীর ইস্তেহারে চাকরির সুনামি, এনডিএ শিবিরে চিন্তার ভাঁজ
২০২৩ সালে অসমের তেজপুর ঘাঁটি থেকে সুখোই-৩০ এমকেআই বিমানে উড়ে নজির গড়েছিলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। এবার রাফাল বিমানে উড়ে সেই সাফল্যের ধারায় যুক্ত হল আরেক উজ্জ্বল অধ্যায়। বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা ছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। রাষ্ট্রপতির (Draupadi Murmu) রাফাল যাত্রা শুধু ভারতীয় বায়ুসেনার জন্যই গর্বের নয়, দেশের প্রতিটি নারীর জন্য এক বিশাল অনুপ্রেরণা।
রাফাল যুদ্ধবিমান বর্তমানে ভারতের প্রতিরক্ষা শক্তির প্রতীক। ২০২০ সালে ফ্রান্স থেকে আগত প্রথম পাঁচটি রাফাল আনুষ্ঠানিকভাবে অম্বালা ঘাঁটিতে যুক্ত হয় ‘গোল্ডেন অ্যারোজ’ স্কোয়াড্রনে। এরপর থেকেই এটি ভারতের আকাশ প্রতিরক্ষার মুখ হয়ে উঠেছে। সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ রাফালের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ২৫ মিনিটের সেই অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধুলিসাৎ হয়ে যায়। স্ক্যাল্প ও হ্যামার ক্ষেপণাস্ত্রবাহী রাফালের সুনির্দিষ্ট আঘাতে নয়টি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়েছিল।
রাষ্ট্রপতি মুর্মুর এই উড়ান তাই কেবল প্রতীকী নয়, তা এক সাহসী বার্তাও বহন করছে ভারতের আকাশ আজ নিরাপদ হাতে এবং সেই শক্তির অংশীদার এখন দেশের প্রথম নাগরিক। ২০০৬ সালে এ.পি.জে. আব্দুল কালাম ও ২০০৯ সালে প্রতিভা পাটিল সুখোই বিমানে উড়ে যে ঐতিহ্য গড়েছিলেন, দ্রৌপদী মুর্মু সেটিকে রাফাল যুগে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। তার এই আকাশযাত্রা শুধু রাষ্ট্রপতি হিসেবে নয়, একজন নারী হিসেবে দেশের শক্তি, আত্মবিশ্বাস ও আধুনিক ভারতের প্রতিচ্ছবি হয়ে উঠল। এই উড়ান তাই ইতিহাসের এক অনন্য অধ্যায় যেখানে আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে উঠেছে নারীর শক্তি, জাতির গর্ব এবং আধুনিক ভারতের আত্মবিশ্বাসের পতাকা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
