নিউজ পোল ব্যুরোঃ লোকাল এয়ার বাস (Delhi-Kolkata AirBus)চাই রাজনীতির দৌড়ে। রাজ্য রাজনীতির ছোটাছুটির এই আকাশপথ দিনে তিনজন নেতা দিল্লি যাচ্ছেন, আর তিনজন সুটকেস গুছিয়ে দিল্লি থেকে নামছেন কলকাতায়। না, এটা কোনো বিস্ফোরণের আতঙ্কের দৌড় নয়, কিংবা কোনো গোপন কূটনৈতিক বৈঠকের ফল নয়। এই যাত্রাপথের গন্তব্য একটাই — ভবন দখল, অর্থাৎ রাজ্য বিধানসভা জয়ের স্বপ্ন। যেভাবে নিত্যদিন ট্রেনে, বাসে বা মেট্রোয় যাত্রী আসে-যায়, তেমনই এখন রাজনৈতিক যাত্রারও নিজস্ব লোকাল রুট তৈরি হয়ে গেছে। আজ দিল্লির এয়ারপোর্টে যার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমালোচনার ঢঙ, কালই তাকে দেখা যায় কলকাতার মঞ্চে “জনতার সেবা”-র মন্ত্র জপতে। আর যিনি আজ কলকাতায় সকালের বৈঠকে দলবদলের ইন্ধন দিচ্ছেন, সন্ধ্যায় বিমান ধরেছেন “দিল্লি রিপোর্ট”-এর নাম করে।
[আরও পড়ুন] http://উত্তরবঙ্গে শুধু সাহায্যই যথেষ্ট নয়।
একটু উদাহরণ দেওয়া যাক। দিল্লি-কলকাতা ফিরতি ‘রুট’২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রত্যেক সপ্তাহেই দিল্লি ও কলকাতার মধ্যে নেতা-মন্ত্রীদের যাতায়াত বেড়েছে, এটির বড় অংশ বিজেপি ও তৃণমূল নেতৃত্বের মধ্যে হয়েছে। গত কয়েক মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে একাধিকবার এসে মেট্রো, রোড, অবকাঠামো প্রকল্প উদ্বোধন করেছেন, যা আসন্ন নির্বাচনের প্রস্তুতির বড় অংশ । বিজেপি বারবার উন্নয়নের বার্তা তুলে ধরার চেষ্টা করছে, আবার তৃণমূল কেন্দ্রীয় ‘বঞ্চনা’র অভিযোগ ও নিজেদের জনমুখী ছবি বের করতে সচেষ্ট। এছাড়া রাজ্যের নানা সংঘাত বা বিতর্ক (যেমন SSC দুর্নীতি কাণ্ড, RG Kar কাণ্ড) ঘিরেও দফায় দফায় বৈঠক দরকার হয়েছে। এই ছুটোছুটির পেছনে একটা রাজনৈতিক সমীকরণই মুখ্য—দিল্লিতে কেন্দ্রের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, ভবিষ্যৎ টিকিটের আশ্বাস, কখনও বা দলবদলের আঁচ। এ যেন রাজনীতি নয়, দৌড় প্রতিযোগিতা। লক্ষ্য — কে আগে ‘মাইক্রোফোন’ হাতে নেবে, আর কে ‘প্রধান নেতার’ আশীর্বাদে টিকিট পাবে। সাধে কি কেউ বলছেন, এখন সবচেয়ে ব্যস্ত রুট হল দিল্লি–কলকাতা আকাশপথ ?(Delhi-Kolkata AirBus) রাজনীতির এই দৌড়ে তাই প্রস্তাব রাখা যেতে পারে — সরকার বা কোন বেসরকারি সংস্থা যদি “লোকাল এয়ার বাস সার্ভিস” চালায় দিল্লি ও কলকাতার মধ্যে, তা হলে নেতারা যেমন স্বস্তি পাবেন, দেশের বিমান চলাচলও নতুন মাত্রা পাবে। অন্তত সাধারণ মানুষ বুঝবে, তাঁদের করের টাকায় বাঁধা হচ্ছে আরেকটি নতুন সেতু — রাজনীতি ও জনপ্রিয়তার আকাশপথের সেতু।
