নিউজ পোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের (TMC) অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বর্তমানে পায়ে গুরুতর চোটের কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার উত্তর কলকাতার গড়পার রোডের বাড়িতে স্নান করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান তিনি। বাড়ির লোকজন অবস্থা বুঝে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে স্ক্যানের পর চিকিৎসকেরা নিশ্চিত করেন, মাথায় বড় কোনও আঘাত লাগেনি এবং পুরনো কোমরের সমস্যাও বাড়েনি, তবে বাম পায়ের হাড়ে এমন চোট লেগেছে যে অস্ত্রোপচার ছাড়া উপায় নেই।
আরও পড়ুন: Mamata Banerjee : বিদেশি পর্যটকের পছন্দে দেশজুড়ে দ্বিতীয় স্থানে বাংলা, গর্বের বার্তা মুখ্যমন্ত্রীর
ঘটনার পর থেকেই দলের বিভিন্ন মহল থেকে তার দ্রুত সুস্থতার কামনা জানানো হচ্ছে। মঙ্গলবার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার পায়ের অস্ত্রোপচার সম্পন্ন হয়। অপারেশনের আগে হাসপাতালের শয্যা থেকেই কুণাল (Kunal Ghosh) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি জানান, চিকিৎসা নিয়ে তিনি আশাবাদী এবং দলের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা তাকে মানসিকভাবে শক্ত করে তুলেছে।
এরই মধ্যে বুধবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে তাঁকে দেখতে যান রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (CV Anand Bose)। প্রায় রাত ন’টা নাগাদ রাজ্যপাল কুণালের শয্যাপাশে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। এর আগে বিকেলে তৃণমূলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিম এবং মন্ত্রী শশী পাঁজাও হাসপাতালে যান। তারা কুণালের (Kunal Ghosh) সঙ্গে কিছু সময় কাটিয়ে চিকিৎসকদের কাছ থেকেও তার স্বাস্থ্যের অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানতে চান।
উল্লেখযোগ্য বিষয়, হাসপাতালে শুয়েও কুণাল দলের কাজে পিছিয়ে থাকেননি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভার্চুয়াল বৈঠকে তিনি অংশ নেন। দলের প্রতি তাঁর এই নিষ্ঠা সহকর্মীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
দলীয় মহলে কেউ কেউ বলছেন, কুণালের জন্য এ ঘটনা যেন ‘দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তি’। কারণ দু’ বছর আগেই, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কলকাতার রেফারি ক্লাবের মাঠে ফুটবল খেলতে গিয়ে তাঁর বাম পা ভেঙে গিয়েছিল। সেবার দীর্ঘ চিকিত্সার পর তিনি সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন। আবারও পায়ে চোট পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে, যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশনের পর তিনি সময়মতো সুস্থ হয়ে উঠবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
