Joy Goswami: সুস্থতার পথে কবি জয় গোস্বামী তিন দফা অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন কবি

পেজ 3

নিউজ পোল ব্যুরো: কবি জয় গোস্বামী (Joy Goswami) কয়েক দিনের হাসপাতাল-যুদ্ধ শেষে এখন অনেকটাই সুস্থ। প্রস্রাবজনিত জটিলতায় গত সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের নিরন্তর পর্যবেক্ষণ ও একাধিক ছোট অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল আছেন কবি।

আরও পড়ুন:Crispy Corn: রেস্তরাঁর মতো মুচমুচে ক্রিসপি কর্ন বানানোর সহজ উপায়

জয় গোস্বামীর (Joy Goswami) শারীরিক সমস্যা নিয়ে প্রথমে উদ্বিগ্ন ছিলেন পরিবার। কবির কন্যা বুকুন জানান, বহু দিন ধরে প্রস্রাব না হওয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গৃহচিকিৎসক শঙ্করপ্রসাদ ভট্টাচার্যের পরামর্শে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পরই চিকিৎসকেরা জানিয়ে দেন যে অস্ত্রোপচার প্রয়োজন। চিকিৎসকেরা পরিবারকে বুঝিয়ে বলেন, এই সমস্যা বয়সজনিত হওয়ায় ভয়ের কিছু নেই, তবে পরিস্থিতি ঠিক রাখতে একাধিক ছোট অস্ত্রোপচার করতে হতে পারে। ঠিক তেমনটাই হয়। পরপর তিন দফা অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার পথে ফিরতে শুরু করেন জয় গোস্বামী (Joy Goswami)। চিকিৎসকেরা জানান, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন।

বাড়ি ফেরার পর স্বাভাবিকভাবেই কিছুটা দুর্বলতা রয়েছে কবির। তবে সেই দুর্বলতা কবির কলমকে থামাতে পারেনি। বুকুন জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন পর্যন্ত লেখালিখি চালিয়ে গেছেন কবি। এখনও সুযোগ পেলেই হাতে তুলে নিচ্ছেন কলম। চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন, কয়েক দিনের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তিনি। বর্তমানে ওষুধ ও নিয়মমাফিক যত্নে রয়েছেন কবি জয় গোস্বামী (Joy Goswami)। তাঁর সুস্থতায় পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনার গুরুত্বও উল্লেখ করেছেন বুকুন। কবিতার মানুষ জয় গোস্বামী (Joy Goswami)—আবারও ফিরে আসছেন তাঁর প্রিয় শব্দের জগতে, নবউদ্যমে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole