Soumitrisha Kundu: ‘অন্যের দিকে তাকানো চলবে না’— কেমন জীবনসঙ্গী চান সৌমিতৃষা কুণ্ডু? স্পষ্ট করলেন মিঠাই-নায়িকা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় আজ সৌমিতৃষা কুণ্ডুর নাম প্রথম সারিতেই উঠে আসে। ছোটপর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ ও সিনেমা— সব মাধ্যমেই নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কালরাত্রি ২-এ তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। কাজের সাফল্যের পাশাপাশি সৌমিতৃষার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

আরও পড়ুন:Sayak Chakraborty : পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় মাটনের বদলে বিফ পরিবেশনের অভিযোগ, বিতর্কে অভিনেতা সায়ক চক্রবর্তী

সম্প্রতি সৌমিতৃষা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তিনি সিঙ্গেল। প্রেম বা সম্পর্কে জড়ানোর কথা আপাতত ভাবছেন না। তাঁর ধ্যান–জ্ঞান এখন পুরোপুরি কাজ ঘিরেই। তবে তাতেও থামেনি অনুরাগীদের প্রশ্ন। ২৩ বছরের এই অভিনেত্রীর মনের মানুষ কেমন হবে, তা জানতেই বেশি আগ্রহ ভক্তদের।

সৌমিতৃষার একটি ফ্যান পেজে শেয়ার করা একটি ভিডিয়ো ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর আদর্শ জীবনসঙ্গী কেমন হওয়া উচিত। জবাবে সৌমিতৃষা একেবারে সোজাসাপটা কথা বলেন। তাঁর মতে, পার্টনার যেন ইনসিকিওর না হন এবং অন্য কোনও মেয়ের দিকে তাকান না। হাসিমুখে তিনি বলেন, “শুধু আমার দিকেই তাকাবে।” এই বক্তব্য শুনেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়— কেউ মজা করে নেন, কেউ আবার অভিনেত্রীর স্পষ্টবাদিতার প্রশংসা করেন।

শুধু তা-ই নয়, পার্টনারের মধ্যে তিনি কোন গুণটি সবচেয়ে বেশি চান, সেটাও খোলসা করেন সৌমিতৃষা। বলেন, তাঁর রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা জরুরি। এই মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তোলেন— সৌমিতৃষা কি সত্যিই খুব রাগী? যদিও তাঁর ভক্তদের একাংশ সে কথা মানতে রাজি নন। তাঁদের মতে, নায়িকার এই কথার মধ্যেও একরকম সরলতা আর খোলামেলা ভাব রয়েছে।

ভালোবাসা নিয়ে সৌমিতৃষার দৃষ্টিভঙ্গিও বেশ আলাদা। তাঁর মতে, ভালোবাসাই আসল— দামি জায়গায় ঘোরা, ঝাঁ-চকচকে পোশাক বা রাজকীয় ডিনার নয়। বিশেষ মানুষটি পাশে থাকলেই সাধারণ মুহূর্তও হয়ে উঠতে পারে বিশেষ। এমনকি ফুচকা খেতে খেতেও তাঁর কাছে তা হয়ে উঠতে পারে আইডিয়াল ডেট।

সৌমিতৃষাকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। প্রায় আড়াই বছর ধরে চলা এই ধারাবাহিক একাধিকবার বেঙ্গল টপারের শিরোপা পেয়েছে। ধারাবাহিক শেষ হওয়ার আগেই সিনেমায় কাজের সুযোগ পান সৌমিতৃষা। দেবের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। পরে ১০ই জুন ছবিতে সৌরভ দাসের সঙ্গে জুটি বাঁধেন। ওয়েব সিরিজ কালরাত্রি-র দুই সিজনেই নাম ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

অভিনেত্রীর ফ্যানবেস যে কতটা শক্ত, তা তাঁর জন্মদিন বা নতুন কাজের সময়েই বোঝা যায়। মন্দিরে গিয়ে প্রার্থনা করা থেকে শুরু করে উপহার আর ফুল নিয়ে সেটে হাজির হওয়া— সৌমিতৃষার প্রতি ভালোবাসায় কোনও খামতি রাখেন না ভক্তরা। ২০২৫ সালের বেশির ভাগ সময় তিনি শারীরিক অসুস্থতায় ভুগলেও, অনুরাগীদের আশা ২০২৬ সাল নতুন নতুন কাজ নিয়ে আরও একবার সকলকে চমকে দেবেন তাঁদের প্রিয় নায়িকা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole