নিউজ পোল ব্যুরো: শরীরের প্রয়োজন অনুযায়ী খাবার খেলেই হবে— এমনটা ভাবলে ভুল হবে। প্রতিদিন পেট ভরে খেলেও সঠিক পরিমাণে পুষ্টি (Nutrient Deficiency) না মিললে শরীর নানা সংকেত দিতে শুরু করে। বাইরে থেকে দেখে অনেক সময়ই বোঝা যায় না, কিন্তু ছোট ছোট শারীরিক পরিবর্তনই জানান দেয় ভিতরে কী সমস্যা চলছে। অজান্তেই যদি ভিটামিন বা খনিজের অভাব শুরু হয়, শরীর তা বিভিন্ন লক্ষণে ফুটিয়ে তোলে। সেই সব সাধারণ লক্ষণ চিনে নিলেই বোঝা যাবে কোন পুষ্টির ঘাটতি আপনার সমস্যার মূল।
আরও পড়ুন: Diet: পুজোর পর ওজন বেড়েছে? ডায়েটে রাখুন এই ৫ খাবার, মিলবে আগের ফিটনেস
নখ ভেঙে যাওয়া ও রঙ ফ্যাকাশে হওয়া
হঠাৎ দেখছেন নখ বারবার ভেঙে যাচ্ছে? রঙও ফ্যাকাশে হয়ে উঠছে? এটি শরীরে প্রোটিন এবং আয়রনের অভাবের স্পষ্ট লক্ষণ। নখের মজবুতি রাখতে নিয়মিত ডিম, মাছ, চর্বিহীন মাংস ও পালং, মেথির মতো সবুজ শাকসব্জি খাওয়া জরুরি। এগুলি আয়রন ও অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে নখকে ভিতর থেকে শক্ত করে।
চোখের পাতা কাঁপা বা পেশিতে টান ধরা
মাঝে মাঝেই চোখের পাতা বা শরীরের কোনও পেশিতে টান ধরছে? অনেকেই একে কম্পিউটার বা মোবাইল ব্যবহারের ফল বলে ভাবেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে এটি ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ। ম্যাগনেশিয়াম স্নায়ুর সংকেত আদান-প্রদান ও পেশির স্বাভাবিক কাজকর্ম নিয়ন্ত্রণ করে। অভাব হলে খিঁচুনি, টান ও জ্বালা দেখা দেয়। তা পূরণ করতে বাদাম, তিল, কুমড়োর বীজ, কলা, ওটস, ডালিয়া ও অন্যান্য দানাশস্য অত্যন্ত কার্যকর।
হাড়ে ‘কট কট’ শব্দ বা জয়েন্টে ব্যথা
বসে উঠলেই যদি গাঁট থেকে কড় কড় শব্দ হয়, অথবা হাড়ে ব্যথা বাড়ে, তা হলে বুঝবেন ভিটামিন ডি এবং ক্যালশিয়ামের অভাব হচ্ছে। এই দু’টি পুষ্টিই হাড়কে শক্ত রাখে। ভিটামিন ডি-এর জন্য সকাল বেলার রোদে ১৫-২০ মিনিট থাকা প্রয়োজন। পাশাপাশি দুধ, পনির, দই, কিংবা সয় মিল্ক বা কাঠবাদাম দুধও ক্যালশিয়ামের ভালো উৎস।
বয়সের আগেই চুল পাকতে শুরু করা
আয়নায় দেখছেন চুল অল্প বয়সেই সাদা হয়ে উঠছে? এটি শরীরে ভিটামিন বি১২ ও জিঙ্কের ঘাটতির ইঙ্গিত। বি১২ মেলানিন উৎপাদনে সাহায্য করে— যা চুলের রং ঠিক রাখে। এর ঘাটতি হলে অক্সিজেন সরবরাহ কমে যায় এবং চুল দ্রুত পাকে। তাই খাবারে ডিম, মাছ, দুগ্ধজাত খাবার ও নানা ধরনের বাদাম থাকা জরুরি।
সামান্য কেটে গেলেই রক্তপাতে নিয়ন্ত্রণ না থাকা
অল্প কাটাছেঁড়ায় রক্তপাত থামতে দেরি হলে বুঝবেন ভিটামিন সি ও ভিটামিন কে১-এর ঘাটতি রয়েছে। ভিটামিন সি কোলাজেন তৈরি করে ত্বককে মজবুত রাখে, আর ভিটামিন কে১ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নিয়মিত পেয়ারা, আঙুর, কমলালেবু, লেবু জাতীয় ফল এবং সবুজ শাকসব্জি খেলে এই অভাব দূর হয়।
শরীর প্রতিদিন যে বার্তা দিচ্ছে, সেটি গুরুত্ব দিয়ে শুনলেই বুঝতে পারবেন— খাবার ঠিকই খাচ্ছেন, কিন্তু পুষ্টি (Nutrient Deficiency) ঠিক মতো পাচ্ছেন তো?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
