নিউজ পোল ব্যুরো: শীতের মরসুমে দার্জিলিং (Darjeeling) পর্যটকে ভরপুর থাকে। এই সময়টাতেই শৈলশহরের অন্যতম জনপ্রিয় ঠিকানা গ্লেনারিসের (Glenarys) বার ও লাইভ মিউজিক তিন মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ জারি হওয়ায় রীতি মতো হতাশ পর্যটক ও ব্যবসায়ীরা। প্রশাসন সূত্রে খবর, বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে, ফলে বড়দিন থেকে নতুন বছরের উৎসব সবই বাদ পড়বে গ্লেনারিসে।
আরও পড়ুন: BLO : বিএলও-দের পারিশ্রমিক নিয়ে জট কাটল, ৬১ কোটি টাকা ছাড়ল নবান্ন
দীর্ঘ ইতিহাস বহনকারী গ্লেনারিস ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত। বহু দশক ধরে এটি দার্জিলিং (Darjeeling) ভ্রমণের বিশেষ আকর্ষণ। গ্লেনারিস মূলত তিনটি ভাগে বিভক্ত বার, রেস্তরাঁ ও বেকারি। কিন্তু এই প্রথমবার এমন কঠোর প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়তে হল প্রতিষ্ঠানটিকে। বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর সরণ্য বারিক জানান, “নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করায় আমরা বার ও মিউজিক বিভাগ তিন মাসের জন্য বন্ধ করার আদেশ দিয়েছি।”
তবে গ্লেনারিসের কর্ণধার অজয় এডওয়ার্ড এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। তার অভিযোগ, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বক্তব্য, “আমাদের সমস্ত নথিপত্র সঠিক। কিন্তু লাইভ মিউজিকের অনুমতিপত্র গত এক বছর ধরে ঝুলে রয়েছে। এই কাগজটি দার্জিলিংয়ের (Darjeeling) পুলিশ সুপার সময়মতো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠাননি বলেই আজ এই সমস্যায় পড়তে হচ্ছে।” তিনি আরও জানান, এই সিদ্ধান্তে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হবে। কোভিডের সময়ে ব্যবসা মার খেয়েছিল, তার পরে আবার এই নিষেধাজ্ঞা নতুন ক্ষতির মুখে ঠেলে দেবে।
গ্লেনারিসের ম্যানেজার অশোক তামাং জানান, হঠাৎ এই আদেশে বার পরিষেবা ও লাইভ মিউজিক দুটিই বন্ধ হয়ে যাওয়ায় বড়দিন ও নববর্ষের প্রচুর বুকিং বাতিল হচ্ছে। প্রতিদিন সঙ্গীত পরিবেশনে যুক্ত শিল্পী ও বাদ্যকর মিলিয়ে প্রায় আটজন কর্মী রয়েছেন। তারাও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এছাড়া স্থায়ী কর্মচারী ২৫০ জনের পাশাপাশি পর্যটন মরসুমে আরও ৫০–৬০ জন সাময়িক কর্মী যুক্ত হন। এই পুরো কর্মীবাহিনীই এখন বাধাগ্রস্ত।
দার্জিলিংয়ের পর্যটনভিত্তিক অর্থনীতি এমনিতেই মৌসুমি চাপে থাকে। তার উপর শৈলশহরের অন্যতম বিখ্যাত এই প্রতিষ্ঠানের বার ও মিউজিক বন্ধ থাকায় স্থানীয় ব্যবসার উপরও প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের এই সিদ্ধান্তের পর এখন সকলের নজর সামনের দিনে কোনও সমাধান বের হয় কি না, সেদিকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
