নিউজ পোল ব্যুরো:অসমের শিল্পোন্নয়নে নতুন দিশা দেখাতে রবিবার উজান অসমের ডিব্রুগড় জেলার নামরূপে ১০,৬০১ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ১২.৭ লক্ষ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ব্রাউনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া সার উৎপাদন প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, বিগত দিনে কংগ্রেসের কৃতকর্মের প্রায়শ্চিত্য করতেই গত বারো বছর ধরে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার কাজ করে চলেছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/21/humayun-kabir-new-party-beldanga-trinamool-murshidabad/
প্রধানমন্ত্রী বলেন, নামরূপ ইউরিয়া কারখানার আধুনিকীকরণ বা কৃষকদের সমস্যার সমাধানে কংগ্রেস কোনও দিনই উদ্যোগ নেয়নি। কংগ্রেস আমলেই এই সার কারখানা বন্ধ হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর সারা দেশে একাধিক নতুন সার কারখানা স্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত প্রকল্প প্রসঙ্গে নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, “আজ অসম-সহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শিল্পোন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।” তাঁর মতে, এই ইউরিয়া কারখানা একদিকে যেমন স্থানীয় কৃষকদের সহায়তা করবে, তেমনই অসমের যুবসমাজের জন্য হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি এই প্ল্যান্ট চালু হলে অসম ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশের সারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
ডিব্রুগড় ও নামরূপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “অসম আজ উন্নয়নের নতুন গতিতে এগোচ্ছে। শিল্পায়ন ও উন্নত সংযোগ ব্যবস্থা এই রাজ্যের ভবিষ্যৎ বদলে দিচ্ছে। আপনারা এখন যা দেখছেন, তা কেবল শুরু।” বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকার যুব সমাজকে নতুন স্বপ্ন দেখাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রের পাম অয়েল মিশনের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলকে ভোজ্য তেলে স্বনির্ভর করা হবে, যার ফলে কৃষকদের আয় বাড়বে। পাশাপাশি কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, কংগ্রেস দেশের কল্যাণে কখনও কাজ করেনি। তাঁর অভিযোগ, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অসমে বসতি স্থাপনের সুযোগ দিয়েছে কংগ্রেস, যার খেসারত রাজ্যকে ভুগতে হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিরোধিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অবৈধ ভোটারদের ওপর ভর করেই কংগ্রেস ক্ষমতা দখল করতে চায়।
অসমিয়া জনগণের পরিচয়, ভূমি ও অস্তিত্ব রক্ষায় বিজেপি সরকার অটল ও দৃঢ়প্রতিজ্ঞ—এই আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকারের লক্ষ্য অসমকে আহোম রাজত্বের সময়কার মতো শক্তিশালী করে তোলা। সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার একযোগে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও ভাষণ দেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দফতরের মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
