নিউজ পোল ব্যুরো: শীতকাল এলেই ফুসফুসের সমস্যায় ভোগা মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে যাঁরা আগে থেকেই ফুসফুসের দীর্ঘস্থায়ী অসুখে আক্রান্ত, তাঁদের কাছে এই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং। শীতের শুষ্ক আবহাওয়া, কুয়াশা ও বায়ুদূষণের প্রভাবে হাঁপানি, সিওপিডি এবং অন্যান্য ক্রনিক লাং ডিজ়িজ়ের উপসর্গ তীব্র আকার নেয়। এর সঙ্গে যুক্ত হয় আর একটি গুরুতর সমস্যা—পালমোনারি হাইপারটেনশন।
আরও পড়ুন: Jadavpur University: কনভোকেশনের দিন রাজ্যপাল উপস্থিত থাকাকালীন, যাদবপুরে এসএফআই-এর বিক্ষোভ!
পালমোনারি হাইপারটেনশন এমন একটি অসুখ, যেখানে ফুসফুসের ধমনীর মধ্যে রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সাধারণ হাই ব্লাড প্রেসারের মতোই এটি রক্তচাপ সংক্রান্ত সমস্যা, তবে এখানে প্রভাব পড়ে সরাসরি ফুসফুসের রক্তবাহী নালিতে। এই রোগে ফুসফুসের ধমনীগুলি ধীরে ধীরে সরু হয়ে যায়, ফলে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এর ফলেই শ্বাস নিতে কষ্ট, বুক ধড়ফড় করা, প্রবল কাশি ও বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এই অসুখ বছরের যে কোনও সময়েই হতে পারে, তবে শীতকালে এর প্রকোপ অনেক বেশি। ঠান্ডার কারণে শরীরের রক্তনালিগুলি সংকুচিত হয়ে পড়ে। এর প্রভাব ফুসফুসের ধমনীতেও পড়ে, ফলে রক্তচাপ আরও বেড়ে যায়। অনেক ক্ষেত্রে ফুসফুসের ধমনিতে রক্ত জমাট বাঁধার ঝুঁকিও তৈরি হয়, যা প্রাণঘাতী হতে পারে। এতে শুধু ফুসফুস নয়, হৃদ্যন্ত্রের উপরেও মারাত্মক চাপ পড়ে। হার্টকে অতিরিক্ত পরিশ্রম করে ফুসফুসে রক্ত পাঠাতে হয়, ফলে হার্টের পেশি দুর্বল হয়ে পড়তে পারে।

পালমোনারি হাইপারটেনশনের লক্ষণ সাধারণত ধীরে ধীরে প্রকাশ পায়। শুরুতে সিঁড়ি ভাঙা বা ভারী কাজের সময় শ্বাসকষ্ট হয়। পরে বিশ্রাম নেওয়ার সময়েও বুক ধড়ফড় করা, শ্বাস নিতে কষ্ট, মাথা ঘোরা ও অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়। অনেক ক্ষেত্রে পা ও গোড়ালি ফুলে যায়, পেটে জল জমে এবং অক্সিজেনের অভাবে ঠোঁট ও নখ নীলচে হয়ে যেতে পারে। শীতকালে সর্দি-কাশি, নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ এই রোগের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এই ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে অক্সিজেন থেরাপি, ওষুধ বা অস্ত্রোপচারের দরকার হতে পারে। পাশাপাশি নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম যেমন ডিপ ব্রিদিং, অনুলোম-বিলোম ও প্রাণায়াম উপকারী। অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে চলা এবং নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়াও শীতে ফুসফুস সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
