নিউজ পোল ব্যুরো: শীতের সময়ে কাবাবের কথা উঠলেই জিভে জল আসে। কিন্তু অনেকেই ওজন বেড়ে যাওয়ার ভয়ে প্রিয় এই খাবার থেকে নিজেকে সরিয়ে রাখেন। আসলে সঠিক পদ্ধতিতে তৈরি করলে শিক কাবাব (Sheekh Kebab) হতে পারে একেবারেই কম ক্যালোরির ও স্বাস্থ্যকর। চিকেনের কিমা, খুব বেশি তেল ছাড়াই এবং সঠিক মশলার ভারসাম্যে বানানো এই শিক কাবাব প্রোটিনে ভরপুর, অথচ ওজন বাড়ানোর ভয় নেই। নতুন বছরে ডায়েট ও ফিটনেস বজায় রেখেও সুস্বাদু খাবারের স্বাদ উপভোগ করতে চাইলে এই রেসিপি একেবারে আপনার জন্য।
উপকরণ
কম ক্যালোরির শিক কাবাব (Sheekh Kebab) বানাতে প্রয়োজন হবে—
৫০০ গ্রাম চিকেন কিমা (ব্রেস্ট অংশ নিলে ক্যালোরি কম থাকবে)
২টি মাঝারি পেঁয়াজ (জল ঝরানো)
আধ কাপ ধনেপাতা কুচানো
১০–১২টি পুদিনা পাতা
৪ কোয়া রসুন
১ ইঞ্চি আদা কুচানো
২টি কাঁচালঙ্কা
১ চামচ তেল
৪–৫টি কেশর
১ চা-চামচ জিরে গুঁড়ো
দেড় চা-চামচ ধনে গুঁড়ো
আধ চা-চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
আধ চা-চামচ গরম মশলা
আধ চা-চামচ আমচুর গুঁড়ো
আধ চা-চামচ চিলি ফ্লেক্স
স্বাদমতো নুন ও গোলমরিচ
¼ চা–চামচ বেকিং সোডা
প্রণালী
প্রথমে পেঁয়াজ কুচি করে মিহি করে বেটে নিন এবং পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে জল বার করে নিন। পেঁয়াজে জল থাকলে কাবাব শক্ত বা ভেঙেও যেতে পারে।
ধনেপাতা, পুদিনা, কাঁচালঙ্কা, আদা ও রসুন একসঙ্গে বেটে নিন। খুব বেশি মিহি না করে অল্প দানাদার রাখলে কাবাবে বাড়তি স্বাদ আসে।
চিকেন কিমার সঙ্গে পেঁয়াজ, বাটা মশলা, সব শুকনো মশলা, কেশর, তেল, নুন ও গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নিন।
এখন বেকিং সোডা যোগ করে ১০–১৫ মিনিট ধরে মাখুন—এতে কাবাব নরম হবে।
মিশ্রণটি ঢেকে ফ্রিজে ২–৩ ঘণ্টা রাখুন। সময় থাকলে সারা রাত রেখে দিলে স্বাদ আরও ভালো হবে।
কাঠিতে কিমা মিশ্রণটি লম্বাটে করে চড়িয়ে নিন।
আগে থেকে গরম করা তাওয়া বা নন-স্টিক প্যানে মাঝারি আঁচে চারদিক ঘুরিয়ে সেঁকুন।
প্রতিটি দিক ৪–৫ মিনিট করে রাখলেই কাবাব ভালোভাবে সেদ্ধ ও সোনালি হয়ে যাবে।
অভেন না থাকলেও গ্যাসে সহজেই বানানো যায়, অতিরিক্ত তেলও লাগে না।
এই কম ক্যালোরির শিক কাবাব শুধু সুস্বাদুই নয়, বরং প্রোটিনসমৃদ্ধ হওয়ায় ওজন কমানোর ডায়েটের জন্যও উপযোগী। ব্রেস্টের চিকেন ব্যবহার করলে ফ্যাট কম থাকে এবং দীর্ঘক্ষণ পেট ভরতি রাখে। সন্ধ্যার নাস্তায়, আড্ডায় বা রাতের খাবারে রুটি ও সালাদের সঙ্গে সহজেই পরিবেশন করা যায়। তাই শীতের দিনে প্রিয় খাবার ছেড়ে না দিয়ে, স্বাস্থ্যকর রূপেই উপভোগ করুন লো-ক্যালোরি শিক কাবাব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
