Katla Fish: ইলিশ না থাকলেও স্বাদে ভরপুর: কাতলার লেজ দিয়ে বানান ঝুরি–ভর্তা

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বাঙালির পাতে মাছ মানেই আলাদা আবেগ। ইলিশের লেজ ভর্তা যেমন জনপ্রিয়, তেমনই সারা বছর ইলিশ পাওয়া বা কেনা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু তাই বলে স্বাদে আপস কেন? রোজকার বাজারে পাওয়া রুই–কাতলাকেই কাজে লাগিয়ে বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত ঝাল ঝাল পদ। মাছের যে অংশটি অনেক সময় অবহেলায় ফেলে দেওয়া হয়— সেই কাতলা (Katla Fish) মাছের লেজ দিয়েই তৈরি হতে পারে চমৎকার ঝুরি বা ভর্তা। বানানোও সহজ, উপকরণও একেবারে ঘরোয়া।

আরও পড়ুন:Adrija Roy : রূপকথার মতো বাগদান অদ্রিজা রায়ের, ভিগ্নেশ আইয়ারের সঙ্গে আংটিবদলের ছবি প্রকাশ্যে

বাংলাদেশের মাওয়া ঘাটের কায়দায় ইলিশের লেজ ভর্তার সুখ্যাতি থাকলেও, তার বিকল্প হিসেবে কাতলার লেজ যথেষ্ট ভালো কাজ দেয়। কাতলার (Katla Fish) লেজে মাংস কম হলেও স্বাদে কোনও ঘাটতি নেই। বরং ঠিক মতো রান্না করলে ঝাল–ঝাল ঝুরি বা নরম ভর্তা— দু’ভাবেই দারুণ জমে যায়। যে দিন যেমন খেতে ইচ্ছে করবে, সে দিন সেই ভাবেই বানিয়ে নেওয়া যায়।

উপকরণ:
৩ টেবিল চামচ সর্ষের তেল
৫টি কাতলা মাছের লেজ
৪–৫টি পেঁয়াজ কুচি
আড়াই খানা গোটা রসুন
১০–১৫টি শুকনো লঙ্কা
৫টি কাঁচালঙ্কা (ইচ্ছামতো)
নুন স্বাদমতো

প্রণালী:
প্রথমে কাতলা মাছের লেজগুলো অল্প জলে সেদ্ধ করে নিতে হবে। সেই জলে সামান্য নুন এবং গোটা রসুনের অর্ধেক অংশ দিয়ে দিন, এতে মাছের আঁশটে গন্ধ কমবে। মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।

এ দিকে আলাদা করে শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে নিন। একই ভাবে পেঁয়াজ কুচি এবং বাকি রসুনের কোয়াগুলিও আলাদা আলাদা করে ভেজে রাখুন। এতে প্রতিটি উপকরণের স্বাদ আলাদা ভাবে ফুটে উঠবে।

মাছ ঠান্ডা হয়ে গেলে একটি বড় পাত্রে নিয়ে হাত বা বাটির সাহায্যে চেপে চেপে কাঁটা আলাদা করুন। বড় কাঁটাগুলি সহজে বেরিয়ে আসবে, বাকি ছোট কাঁটা হাতে করে ছাড়িয়ে নিন। কাঁটা ছাড়ানো মাছের সঙ্গে ভাজা লঙ্কা, পেঁয়াজ, রসুন, নুন ও কাঁচালঙ্কা একসঙ্গে মাখতে থাকুন।

ঝুরি বানাতে চাইলে কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করে এই মাছের মিশ্রণ ঢেলে দিন। মাঝারি আঁচে নেড়েচেড়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে আঁচ বন্ধ করুন। গরম ভাতের সঙ্গে এই ঝাল ঝাল কাতলার লেজ ঝুরি অনবদ্য।

ভর্তা করতে চাইলে কড়াইয়ে কষানোর দরকার নেই। সর্ষের তেল দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিলেই ভর্তা প্রস্তুত।

ফেলে দেওয়া মাছের অংশ দিয়েই এমন সুস্বাদু পদ বানানো গেলে, ইলিশের অপেক্ষা আর কিসের?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole