West Bengal Budget : ভোটের আগে মহিলাদের বড় উপহার, লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে রাজ্যের বাজেটে বড় ঘোষণা

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা করল সরকার (West Bengal Budget)। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত করতে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। অন্তর্বর্তী বাজেট পেশের সময় জানানো হয়, এবার থেকে প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে (West Bengal Budget)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ শ্রেণির মহিলারা এখন থেকে মাসিক ১৫০০ টাকা করে পাবেন, যা আগে ছিল ১০০০ টাকা। একইভাবে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের ভাতা ১২০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৭০০ টাকায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাস থেকেই বর্ধিত অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। ফলে নতুন বরাদ্দ হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের লক্ষ লক্ষ মহিলা (West Bengal Budget)।

আরও পড়ুন : Supreme Court : সুপ্রিম কোর্টের বড় রায় বকেয়া ডিএ দিতেই হবে, রাজ্য সরকারি কর্মীদের স্বস্তি

উল্লেখ্য, ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প চালু করেন। অল্প সময়ের মধ্যেই এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গৃহবধূ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ায় সংসারের খরচ সামলাতে সুবিধা হয়েছে বহু পরিবারের। সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে নতুন করে প্রায় ২০ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। বর্তমানে উপভোক্তার মোট সংখ্যা ২ কোটিরও বেশি, যা প্রকল্পটির বিস্তৃত গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে (West Bengal Budget)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে মতভেদও দেখা দিয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপির অভিযোগ, ভোটের আগে মহিলাদের আকৃষ্ট করতে এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যদিও সরকারের দাবি, এটি সম্পূর্ণরূপে সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, যার লক্ষ্য মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করা। সব মিলিয়ে, বাজেট ঘোষণার পর লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) বাড়তি সুবিধা পেয়ে রাজ্যের বহু পরিবারে স্বস্তির হাওয়া বইছে।