নিউজ পোল ব্যুরো: পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েই রেখেছিল ইরান, আর সেই ঘোষণা মতোই এবার একাধিক বিদেশি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ড (Iran Missile Attack)। মূলত ইজ়রায়েল ও মার্কিন ঘাঁটিগুলিকেই নিশানা করা হয়েছে বলে দাবি তেহরানের (Israel Iran War)। রবিবার সকাল (ভারতীয় সময়) থেকে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এবং কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ইরানের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইজ়রায়েলি সামরিক স্থাপনাগুলিই হামলার মূল লক্ষ্য। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার চেষ্টা হয়েছে বলে খবর মিলেছে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন : Weather Update : শীত বিদায়ের পথে, দক্ষিণবঙ্গে চড়বে পারদ! উত্তরে বৃষ্টি ও কুয়াশার সতর্কতা
শনিবার রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফা এলাকা খালি করে দেওয়া হয়। ইরানের (Iran) সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা কেবল শুরু মাত্র, ভবিষ্যতে আরও বড় আকারে অভিযান চালানো হতে পারে। ইতিমধ্যেই একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। দুবাইয়ের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়েছে, যেখানে আকাশে আগুনের গোলা ছুটে যেতে দেখা যাচ্ছে। যদিও ওই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চলার মাঝেই উত্তেজনা চরমে ওঠে (Iran Missile Attack)। প্রথমে ইজ়রায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে, পরে মার্কিন বাহিনীও অভিযানে যোগ দেয়। শনিবার দিনভর যৌথ হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানা হয়। তার জবাব দিতেই ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে বলে দাবি তেহরানের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের ঘটনা স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এছাড়া কুয়েত, কাতার, বাহরিন, ইরাক, সৌদি আরব ও জর্ডনের বিভিন্ন এলাকাতেও উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে (Iran Missile Attack)। এদিকে রবিবার সকালে প্রকাশিত কিছু খবরে দাবি করা হয়েছে, আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। পাশাপাশি ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং রেভলিউশনারি গার্ড বাহিনীর কয়েকজন শীর্ষ আধিকারিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। এরপর থেকেই সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
