নিউজ পোল ব্যুরো: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রদ্ধা কপুর (Shraddha Kapoor)। একাধিক সফল ছবিতে অভিনয়ের পাশাপাশি পারিশ্রমিকের দিক থেকেও তিনি ইন্ডাস্ট্রির শীর্ষে। মুম্বইয়ে তাঁর নিজের একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও সম্প্রতি আবারও ভাড়ায় একটি বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আর সেই ফ্ল্যাটের মাসিক ভাড়া শুনলে চমকে উঠতেই হয়—প্রতি মাসে ৬ লক্ষ টাকা।
আরও পড়ুন: Neel Bhattacharya: তৃণাকে ছাড়া থাইল্যান্ডে নীলের দোল! ‘সোলো ট্রিপ’-এ চমক ছোটপর্দার অভিনেতার
মুম্বইয়ের অভিজাত জুহু এলাকায় অবস্থিত এই বাড়িটি আগামী এক বছরের জন্য লিজ় নিয়েছেন শ্রদ্ধা। চুক্তি অনুযায়ী, মোট ৭২ লক্ষ টাকা ভাড়া দিতে হবে তাঁকে, অর্থাৎ মাসে ৬ লক্ষ টাকা। প্রায় ৩,৯২৯ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটে রয়েছে চারটি গাড়ি রাখার জায়গা। বিলাসবহুল সুযোগ-সুবিধায় ভরপুর এই আবাসন সমুদ্রমুখী বলেই জানা গিয়েছে।
জুহু মুম্বইয়ের অন্যতম প্রিমিয়াম লোকেশন। বলিউডের বহু তারকার বাস এই এলাকাতেই। ফলে নিরাপত্তা, গোপনীয়তা এবং উচ্চমানের পরিকাঠামোর দিক থেকে জুহু অত্যন্ত জনপ্রিয়।
তবে শুধু শ্রদ্ধাই নন, বলিউডের আরও অনেক অভিনেতা-অভিনেত্রী নিজের সম্পত্তি থাকা সত্ত্বেও ভাড়ায় বিলাসবহুল বাড়ি নেন। কেউ কাজের সুবিধার জন্য, কেউ আবার নির্দিষ্ট লোকেশনে থাকার অভিজ্ঞতার জন্য এই পথ বেছে নেন। উদাহরণ হিসেবে ধরা যায় ইমরান খান ও তাঁর সঙ্গীর নাম। তাঁরা মাসে প্রায় ৯ লক্ষ টাকা ভাড়া দিয়ে একটি ফ্ল্যাটে থাকতেন। একই ভাবে রণবীর সিং ও দীপিকা পাডুকোন-ও এক সময় ভাড়ায় বিলাসবহুল বাড়িতে থাকতেন, যার মাসিক ভাড়া ছিল প্রায় ৭ লক্ষ টাকা।
কেন নিজের বাড়ি থাকতেও ভাড়ার পথে হাঁটেন তারকারা? রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, অনেক সময় লোকেশন, নিরাপত্তা, আধুনিক সুযোগ-সুবিধা কিংবা কাজের জায়গার কাছাকাছি থাকার সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিনিয়োগের কৌশল হিসেবেও অনেকেই নিজেদের সম্পত্তি ভাড়া দিয়ে অন্যত্র লিজ়ে থাকেন।
উল্লেখ্য, ২০২৪ সালে ‘স্ত্রী ২’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা। ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। তার পর থেকে বড় পর্দায় তাঁকে দেখা যায়নি। তবে পেশাগত দিক থেকে যতই ব্যস্ততা থাক, ব্যক্তিগত জীবনে আরামদায়ক ও সুরক্ষিত আবাসন বেছে নেওয়ার ক্ষেত্রে কোনও আপস করছেন না অভিনেত্রী—তা এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
