নিউজ পোল ব্যুরো: বামফ্রন্টের প্রার্থীতালিকা প্রকাশে বড় চমক দেখা গেল নদিয়ার কালীগঞ্জ (Kaliganj) কেন্দ্রে। সিপিএম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সাবিনা ইয়াসমিনের (Sabina Yasmin) নাম। তিনি সেই তামান্না খাতুনের মা, যিনি গত বছরের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছিল। দীর্ঘদিন ধরেই মেয়ের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন সাবিনা। সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। এবার রাজনীতির ময়দানে নেমে বামেদের প্রার্থী হিসেবেই নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে চলেছেন তিনি।
আরও পড়ুন: Abu Dhabi: ইরানের মিসাইল আছড়ে পড়ল আবু ধাবির জনবসতিতে, মৃত ১
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জ (Kaliganj) উপনির্বাচনের ফল ঘোষণার দিন দুপুরে মোলান্দি গ্রামে বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় ৯ বছরের নাবালিকা তামান্না খাতুন। এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে পোস্ট করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশকে। পুলিশও দ্রুত পদক্ষেপ করে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার পর কালীগঞ্জের (Kaliganj) নবনির্বাচিত বিধায়ক আলিফা আহমেদ (Alifa Ahmed) জানান, এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা। একটি শিশুর মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তবে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বলেও তিনি উল্লেখ করেন।
পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাসে মেয়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তামান্নার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। তবে দীর্ঘ সময় কেটে গেলেও বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ থেকেই যায় পরিবারের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের মৃত্যুর পর থেকে গভীর মানসিক আঘাতে ভুগছিলেন সাবিনা ইয়াসমিন। গত বছরের ডিসেম্বরে তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচে যান। এরপর থেকেই মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
এবার সেই সাবিনা ইয়াসমিনই বামফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামছেন। সোমবার প্রার্থীদের নাম ঘোষণা করার সময় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) বলেন, “কালীগঞ্জ কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছেন এক শহিদ কন্যার মা সাবিনা ইয়াসমিন।” এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে এবং একে বামেদের প্রার্থীতালিকার বড় চমক বলেই মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
