নিউজ পোল ব্যুরো: প্রবল ঝড়-বৃষ্টি আর দমকা হাওয়ার জেরে কিছুটা উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হলেও, শেষ পর্যন্ত নিরাপদেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর (Mamata Banerjee) বিমান। সূত্রের খবর, দুপুর ৩টা ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে উড়ে আসে তাঁর (Mamata Banerjee) বিমান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টার মধ্যেই কলকাতায় নামার কথা ছিল। কিন্তু সেই সময় থেকেই শহর ও আশপাশের এলাকায় আবহাওয়া ক্রমশ খারাপ হতে শুরু করে। প্রবল ঝড় ও বৃষ্টির কারণে বিমানটিকে সরাসরি নামানো সম্ভব হয়নি। ফলে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে চক্কর কাটতে হয় বিমানটিকে।
আরও পড়ুন: Mamata Banerjee : রামনবমীতে শান্তির বার্তা মমতার, সম্প্রীতি বজায় রাখার আর্জি
এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়, আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে না থাকায় অবতরণের অনুমতি দেওয়া যাচ্ছিল না। একাধিকবার চেষ্টা করা হলেও ঝোড়ো হাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট মহলে বৈঠকও হয়। এমনকি জ্বালানি পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প বিমানবন্দরে নামানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছিল বলে খবর।
মাঝে কিছুটা সময়ের জন্য আবহাওয়া খানিক স্বাভাবিক হলে বিমানটি কলকাতার (Kolkata) দিকে এগোলেও, ফের ঝড়ের দাপট বাড়ায় সেটিকে ঘুরিয়ে নিতে হয়। শেষমেশ পরিস্থিতির উন্নতি ঘটতেই বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
এদিন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ও বীরভূমের দুবরাজপুরে জনসভা সেরে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। কলকাতায় নেমে তাঁর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী বিমানবন্দরে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে ঝড়ের দাপটে সেই মঞ্চ ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, ব্যারাকপুর, আগরপাড়া, সোদপুর, দত্তপুকুর, বারাসত, দমদম, বাগুইআটি ও সল্টলেক-সহ একাধিক এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকেই তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়, কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আগামী কয়েক ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
