Abhisek Banerjee : তৃণমূলের জনসভায় অগ্নিকাণ্ড, শর্ট সার্কিট না নাশকতা? উঠছে প্রশ্ন

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা হওয়ার পর বিরোধী দলগুলি ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। যদিও তাদের বেশিরভাগই এখনও আংশিক তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করেছে। এই পরিস্থিতিতে ভোেট প্রচারও জোরকদমে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রার্থীরা এখন নিজেদের কেন্দ্রেই প্রচারে ব্যস্ত।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘‌দুটি ঘর সহ ১০ লক্ষ টাকা দেওয়া হবে’‌, ভোটমঞ্চ থেকে বড় বার্তা মমতার, অফিসারদের উদ্দেশ্যে কি বললেন?

এই আবহেই শনিবার বীরভূমের লাভপুরে একটি জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্যও রাখেন তিনি। তবে তাঁর বক্তব্য শেষ হওয়ার কিছুক্ষণ পরই মঞ্চের একাংশে হঠাৎ আগুন লেগে যায় বলে অভিযোগ ওঠে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মঞ্চ থেকে নেমে হেলিপ্যাডের দিকে রওনা দিয়েছিলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে প্রথমে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনায় উপস্থিত কর্মী-সমর্থক ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় দমকল বিভাগ। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগতে পারে। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার পর থেকেই দমকল ও পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। পাশাপাশি জনসভায় নিরাপত্তা ব্যবস্থা ও বৈদ্যুতিক সংযোগের মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।