নিউজ পোল ব্যুরো: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ে-র অকাল মৃত্যুকে ঘিরে গভীর শোক প্রকাশ করল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তাদের সহকর্মী শিল্পী ও টিমের সদস্যরা গভীরভাবে শোকাহত এবং মানসিকভাবে বিপর্যস্ত। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানার জন্য ইতিমধ্যেই শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে একটি নিরপেক্ষ ও সুসংগঠিত রিপোর্ট তৈরি করা হবে বলেও জানিয়েছে সংস্থা।
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাহুলের পরিবার, বন্ধু , শিল্পী ফোরাম বা আর্টিস্ট ফোরাম-এর একজন প্রতিনিধিকে তদন্ত প্রক্রিয়ায় উপস্থিত থাকার কথা বলা হয়েছে, যাতে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে, সেই বিষয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।সংস্থার ডিরেক্টর ও প্রোমোটার সাইবাল ব্যানার্জী ঘটনার পর রাহুলের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় পরিবার শোকাহত থাকায় বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। সংস্থার বক্তব্য, পরিবারের কোনও প্রশ্ন থাকলে তারা তার উত্তর দিতে প্রস্তুত এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।
এদিকে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, রাহুল দীর্ঘ সময় জলে ডুবে ছিলেন। তবে সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দাবি সম্ভবত সঠিক নয়।প্রত্যক্ষদর্শীদের মতে, উদ্ধার করার সময় রাহুল জীবিত ছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন। তাঁকে দ্রুত জলের বাইরে এনে শরীর থেকে জল বের করার চেষ্টা করা হয় এবং পরে কাছের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সেই সময় কোনও চিকিৎসক উপস্থিত না থাকায় তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এছাড়াও সংস্থা স্পষ্ট করে জানিয়েছে, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় বহু বছর ধরে সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও তিনি প্রোমোটার বা পরিচালনায় যুক্ত নন। তিনি মূলত সৃজনশীল কাজের দায়িত্বে ছিলেন। তদন্তে কোনও পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতে প্রয়োজনে তিনি তার সরকারি পদ থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন।
