নিউজ পোল ব্যুরো: বাংলা টেলিভিশন জগতে এখন গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) আকস্মিক মৃত্যু যেন এখনও মানতে পারছেন না তার পরিবার, কাছের মানুষ কিংবা সহকর্মীরা। স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এবং পরিবারের সদস্যরা এখনও শোকের ভারে ন্যুব্জ। অন্যদিকে, টলিপাড়ার (Tollywood) বিভিন্ন শুটিং ফ্লোরেও কাজের ফাঁকে বারবার ফিরে আসছে রাহুলের স্মৃতি এবং তার অকাল প্রয়াণের প্রসঙ্গ।
এই দুঃখের আবহের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল (Viral Video) হয়েছে রাহুলের পুরনো সাক্ষাৎকারের কিছু অংশ। বিশেষ করে তার এবং প্রিয়াঙ্কার প্রেমের গল্প যেন নতুন করে দর্শকদের আবেগতাড়িত করছে। এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন (Rahul Arunoday Banerjee), তাদের প্রেমের শুরুটা ছিল একেবারে সিনেমার মতো। তিনি বলেছিলেন, সেই সময় প্রিয়াঙ্কার জন্য ঘণ্টার পর ঘণ্টা কফি শপে অপেক্ষা করতেন তিনি। প্রিয়াঙ্কা তখন পড়াশোনার পাশাপাশি অভিনয়ে ব্যস্ত, ফলে তাকে স্কুলও পরিবর্তন করতে হয়েছিল। দেখা হলে প্রিয়াঙ্কাকে অটোতে তুলে দিয়ে আবার নিজের বাড়ি ফিরে যেতেন রাহুল এই ছোট ছোট মুহূর্তেই গড়ে উঠেছিল তাদের গভীর সম্পর্ক। শুধু প্রেম নয়, তাদের জীবনের কঠিন সিদ্ধান্তগুলোর কথাও উঠে এসেছে রাহুলের কথায়। ভালোবাসার টানে একসময় বাড়ি ছেড়েও বেরিয়ে আসেন তারা। রাহুলের কথায়, এক রাতের মধ্যেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তারা, যখন চারপাশে বাজছিল তাদের অভিনীত ছবির গান, অথচ নিজেদের মাথা গোঁজার ঠাঁই ছিল না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সম্প্রতি একটি পডকাস্টে রাহুল আরও একটি আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করেছিলেন। সন্তানের জন্মের সময়ের সেই অভিজ্ঞতা তার কাছে ছিল সবচেয়ে রোম্যান্টিক। হাসপাতালের সেই পরিস্থিতিতে, প্রিয়াঙ্কার ছোট্ট একটি আবদার “নাকটা একটু চুলকে দাও” আজ যেন আরও বেশি করে নাড়া দিচ্ছে দর্শকদের মন। রাহুলের এইসব স্মৃতি, তার সহজ-সরল ভালোবাসার গল্প আজ তাকে আরও জীবন্ত করে তুলছে দর্শকদের মনে। তার অনুপস্থিতি মেনে নেওয়া কঠিন হলেও, তার বলা কথাগুলোই যেন হয়ে উঠেছে স্মৃতির শেষ আশ্রয়।
