Samik Bhattacharya: ‘রাজনৈতিক প্রতিহিংসাজনিত হত্যাকাণ্ড’, শুভেন্দুর আপ্তসহায়ক খুনে বিস্ফোরক শমীক ভট্টাচার্য

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার বারাসত হাসপাতালে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, এটি নিছক খুন নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার ফল। সেখানেই চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে।

বুধবার রাতে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। তিনি প্রাক্তন সেনাকর্মী এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শমীক ভট্টাচার্যের অভিযোগ, এত বড় ঘটনার বিষয়ে স্থানীয় দুষ্কৃতী বা শাসকদলের নেতৃত্ব কিছু জানত না— এটা বিশ্বাস করা কঠিন।তিনি বলেন, “একজন প্রাক্তন সেনাকর্মী ও অরাজনৈতিক ব্যক্তিত্বকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। এর পিছনে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।” যদিও তদন্ত চলার কারণে এর বেশি মন্তব্য করতে চাননি বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন: Election Commission: ভোট পরবর্তী হিংসায় ‘জিরো টলারেন্স’, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনার জ্ঞানেশ কুমারের

আগামী ৯ মে ব্রিগেডে বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকতে পারেন। তার আগে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন শমীক।তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং প্রশাসনের রাজনৈতিক ব্যবহার বেড়েছে। বিজেপি কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে তিনি বলেন, কোনও উস্কানিতে পা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা করে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়েছে, যা ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole