নন্দীগ্রাম উপনির্বাচনে বড় চমক, সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করল কালীঘাট তৃণমূল

breakingnews রাজনীতি রাজ্য

 নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে বড় চমক দিল কালীঘাটপন্থী তৃণমূল। রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম আসনে দলের প্রার্থী হিসেবে সঞ্চিতা প্রধান দে-র নাম ঘোষণা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে এবার বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সঞ্চিতার উপরেই আস্থা রাখল কালীঘাট শিবির।

সঞ্চিতা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। পাশাপাশি তিনি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। ২০১৪ সালের প্রাথমিকের টেট (TET) নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে কলকাতা হাইকোর্ট ২৬৯ জনের চাকরি বাতিল এবং বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল। সেই তালিকায় ছিলেন সঞ্চিতাও। চাকরি হারানোর পর এবার তাঁকেই নন্দীগ্রাম উপনির্বাচনের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে প্রার্থী করল কালীঘাট তৃণমূল।

প্রার্থী ঘোষণার পর সঞ্চিতা বলেন, দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা পালন করার যথাসাধ্য চেষ্টা করবেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, বয়াল-২-কে ঘিরে তৃণমূলের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এর আগে বিধানসভা নির্বাচনেও বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পবিত্র করকে প্রার্থী করেছিল তৃণমূল। তবে সেই লড়াইয়ে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল তাঁকে। এবার সঞ্চিতা সেই জায়গা থেকে কতটা ঘুরে দাঁড়াতে পারেন, সেটাই দেখার।