নিউজ পোল ব্যুরো: প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে মায়ানগরী মুম্বই। টানা বৃষ্টির দাপটে শহরের রাস্তাঘাট, আবাসিক এলাকা, এমনকি বহু তারকাদের বিলাসবহুল বাড়িও ডুবে গিয়েছে জলমগ্ন অবস্থায়। নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার দৈনন্দিন জীবনে নেমে এসেছে দুর্ভোগ। বৃষ্টির জল ঢুকে পড়েছে ঘরে ঘরে, থমকে গিয়েছে যানচলাচল। এহেন পরিস্থিতিতে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সাধের বাংলো ‘প্রতীক্ষা’ও বাদ পড়েনি।
আরও পড়ুন: Amitabh Bachchan: জীবনের শেষ অধ্যায়ে নতুন লড়াই অমিতাভ বচ্চনের
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, বাংলোর ভেতরে হেঁটে যাওয়ার মতো জায়গাতেও হাঁটু সমান জল জমে আছে। প্রায় পা ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য ঘিরে চর্চায় ফের উঠে এসেছে অমিতাভের প্রিয় বাংলোটি।উল্লেখযোগ্য বিষয় হল, ‘প্রতীক্ষা’ কেবল একটি বিলাসবহুল বাড়ি নয়, বচ্চন পরিবারের আবেগ ও স্মৃতির ভাণ্ডারও বটে। ১৯৭৬ সালে ‘শোলে’ ছবির সাফল্যের পর অমিতাভ বচ্চন এই বাংলোটি কেনেন। এটিই ছিল মুম্বই শহরে তাঁর প্রথম বাড়ি। দুই সন্তান শ্বেতা ও অভিষেকের জন্মও এখানেই হয়েছিল। ফলে বাংলোটি শুধু একটি স্থাপত্য নয়, বরং পরিবারের অগণিত অমূল্য মুহূর্তের সাক্ষী। বাংলোর নামকরণ করেছিলেন স্বয়ং কবি হরিবংশ রাই বচ্চন।

২০২৩ সালে যখন অমিতাভ তার মেয়ে শ্বেতা বচ্চনের নামে এই বাংলো লিখে দেন, তখনও তা নিয়ে কম জলঘোলা হয়নি। বলিউড মহলে শুরু হয়েছিল জোর আলোচনা। তখন থেকেই বাংলোটি ঘিরে বহু বিতর্ক ও কৌতূহল তৈরি হয়েছিল। বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বাংলো ‘প্রতীক্ষা’-র আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি। তবে এই মুহূর্তে সব হিসেবই যেন ম্লান হয়ে গিয়েছে প্রকৃতির কাছে। প্রবল বর্ষণের জেরে শহরের অন্যান্য জায়গার মতো অমিতাভের সাধের বাংলোও এখন জলমগ্ন।

বচ্চন পরিবারের অসংখ্য স্মৃতি বহনকারী বাংলোটি এমন অবস্থায় দেখে স্বাভাবিকভাবেই ভক্তরা দুঃখ প্রকাশ করেছেন।এমনিতেই মুম্বই বর্ষায় ডুবে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু প্রতিবারই নতুন করে বিপর্যস্ত হয় শহর, কাবু হয়ে পড়ে সাধারণ মানুষ। এই বছরও ব্যতিক্রম ঘটেনি। আর তারই মাঝে অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়াল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
