নিউজ পোল ব্যুরো: শমীক জামানায় দিলীপ ঘোষের গুরুত্ব বাড়বে এমনটাই মনে করেছিল রাজনৈতিক মহল। নতুন করে ময়দানে নামতে দেখা যাবে বঙ্গ বিজেপির দাবাং নেতাকে। কিন্তু কোথায় কি? বিজেপির নয়া রাজ্যসভাপতির সময়েও সেই ব্রাত্য দিলীপ ঘোষ। রাত পোহালেই রাজ্যে আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি দমদমের মাঠে করবেন সভাও। সেই অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে। এই বিষয় নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
মোদীর সভায় আমন্ত্রণ না পেয়ে আবার কি অভিমানী দিলীপ ঘোষ? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিকমহলের আনাচেকানাচে। আমন্ত্রণ না এলেও মোদীর সভায় কি যাবেন? বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে সব প্রশ্নের উত্তর নিজেই দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, “কাল যাবো কিনা ঠিক করিনি। আমন্ত্রণ পাইনি। নাও যেতে পারি। অন্য কাজে চলে যেতে পারি। আমি কোথায় যাবো সেটা আমি ঠিক করিনা। পার্টি ঠিক করে।” তিনি আরও বলেন, “পার্টির কর্মসূচি পার্টি ঠিক করে। সেটা আমার হাতে নেই। এর বাইরে কোনো কর্মসূচি থাকলে সেটা আমি ঠিক করি। কাল তো সরকারি প্রোগ্রাম। সেখানে তো আমন্ত্রণ পাওয়া দরকার। কেউ আমাকে আমন্ত্রণ করেনি। তাই ওটায় যাচ্ছি না। বাকি দেখছি কি করা যায়।” আমন্ত্রণ না পেয়ে আবার অভিমান হয়েছে? এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেছেন, “না না। আমরা পার্টির সাধারণ কর্মী। আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি। অর্ডার এলে কাজে লাগি।”
আরও পড়ুন: Pune Flood Alert: নদীর রোষে উদ্বেগে কেপি ও বোট ক্লাব রোড, আরএফডি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
শমীক ভট্টাচার্য বিজেপি সভাপতি হিসেবে নির্বাচন হওয়ার সময় দিলীপ ঘোষের দলবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। তবে সেই সব জল্পনায় জল ঢেলে বলেছিলেন তিনি বিজেপির পুরানো সৈনিক কেউ না ডাকলেও নিজের মতই কাজ করবেন। অনেকেই বলেছিল শমীক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর আদি বিজেপি কর্মীদের কাজে লাগাবেন। তাঁর মুখে শোনা গিয়েছিল দিলীপ ঘোষের কথাও। এমনকি বেশ কয়েকবার দিল্লিও উড়ে গিয়েছেন। বৈঠক করেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও। অমিত শাহও দিলীপ ঘোষকে কাজে লাগানোর কথা বলেছিলেন কিন্তু সেই সবকিছুই হয়নি। এই প্রসঙ্গেই বিজেপি নেতা বলেছেন, “এটা তো পুরোপুরি পার্টির হাতে। যে যেরকম বলবে সেরকম করব। আমার তো এই ব্যাপারে কিছু করার নেই।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
